রাজশাহীর ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ

অপরিপক্ব আম বাজারজাত করলে ব্যবস্থা


১৫ মে ২০২৬ ২১:২৮

১৫ মে থেকে গুটি আম সংগ্রহ শুরু

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর বিখ্যাত আম কখন গাছ থেকে নামানো যাবে, তার সময়সূচি নির্ধারণ করে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেছে জেলা প্রশাসন। বাজারে যাতে কোনোভাবেই অপরিপক্ব আম প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১০ মে রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহবিষয়ক এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, সকল প্রকার গুটি আম সংগ্রহ করা যাবে ১৫ মে থেকে। এছাড়া গোপালভোগ ২২ মে, রাণীপছন্দ ও লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর বা ক্ষিরসাপাত ৩০ মে, ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন, বারি আম-৪ সংগ্রহ করা যাবে ৫ জুলাই থেকে। আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই নামানোর সময় নির্ধারণ করা হয়েছে। কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারাবছর বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়। সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আম চাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে এ ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, কেউ যেন নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম গাছ থেকে নামিয়ে বাজারজাত করতে না পারে, সেজন্যই এ উদ্যোগ। নির্ধারিত সময়ের আগে আম নামানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী এবং কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।