জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ অতীতের মতো রাজপথে নামবে : মুয়াযযম হোসাইন হেলাল


৭ মে ২০২৬ ০৯:৪২

পিরোজপুর সংবাদদাতা : জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ অতীতের মতো রাজপথে নেমে অধিকার আদায় করে ছাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
গত ২ মে শনিবার পিরোজপুর জেলা শাখার উদ্যোগে জেলার উপজেলা এবং পৌরসভার শূরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের জনগণ অতীতে যেভাবে রাজপথে নেমে এসেছে আবারও যদি রাজপথে নেমে আসে, তাহলে কিন্তু তারা তাদের অধিকার আদায় করে ছাড়বে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে এবং সংসদের বাহিরে জনগণের পক্ষে সেই জনমত সৃষ্টি করার চেষ্টা করছে।
তিনি বলেন, আমরা জনগণের পক্ষ থেকে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। আমাদের আহ্বানে সারা না দিলে আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোল গড়ে তুলব।
মুয়াযযম হোসাইন হেলাল আরও বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর যুগেও ষড়যন্ত্র ছিল। সেই যুগেও মুনাফিকি ছিল। তখনো প্রতিকূলতা ছিল। এসব ষড়যন্ত্র, মুনাফিকি, প্রতিবন্ধিতা অতিক্রম করে বিজয় অর্জন করার জন্য রাসূল (সা.) শক্তি অর্জনকে গুরুত্ব দিয়েছেন। শক্তি অর্জন করতে গিয়ে রাসূল (সা.) লোক তৈরি করছেন। সেরা মানের লোক তৈরি করেছেন। এই ভালো মানুষ তৈরির বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমেই ভালো লোক তৈরি করা সম্ভব। সমাজসেবার মাধ্যমে সমাজে গণভিত্তি রচনা করতে হবে, বলেন তিনি।
তিনি বলেন, রুকন এবং কর্মীরা হলো সংগঠনের মূল শক্তি। দায়িত্বশীলদের কর্মী এবং রুকন মান উন্নয়নের দিকে বেশি মনোযোগ দিতে হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ তায়ালা একটি পরিবর্তন দিয়েছেন। ৫ আগস্টের অভ্যুত্থানে আমাদের অনেক রক্ত ঝরেছে। অনেক নারী-পুরুষ শিশু শহীদ হয়েছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন।
এডভোকেট হেলাল আরও বলেন, এই জুলাই অভ্যুত্থানের পরে একটি সনদ তৈরি হয়েছে, যার পক্ষে জনগণ প্রায় ৭০% ভোট দিয়েছে, যা নিয়ে ইতোমধ্যে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। কিন্তু দেশবাসী অত্যন্ত হতাশার সাথে লক্ষ করছে ক্ষমতাসীন দল সেসব অঙ্গীকার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের জনগণ অতীতে যেভাবে রাজপথে নেমে এসেছে আবারও যদি রাজপথে নেমে আসে, তাহলে কিন্তু তারা তাদের অধিকার আদায় করে ছাড়বে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে এবং সংসদের বাইরে জনগণের পক্ষে সেই জনমত সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমরা জনগণের পক্ষ থেকে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর জহিরুদ্দীন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং অঞ্চল সদস্য ফখরুদ্দিন খান রাজি, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী সেক্রেটারি, প্রচার এবং মিডিয়া সেক্রেটারি সোহরাব হোসেন জুয়েল প্রমুখ।