গ্যাস ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ক্ষুব্ধ সাধারণ মানুষ


২৩ এপ্রিল ২০২৬ ১৩:৩৯

১৭ দিনের ব্যধানে দুই দফায় এলপিজির মূল্য বেড়েছে ৫৯৯ টাকা
পেট্রোলসহ সব জ্বালানি তেলের মূল্য বেড়েছে ১৫ থেকে ২০ টাকা হারে

স্টাফ রিপোর্টার : সরকার বলছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলছেন, বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলছেন, এপ্রিল ও মে মাসের জন্য দেশে প্রয়োজনীয় জ্বালানির পূর্ণ মজুদ রয়েছে। একইসঙ্গে জুন মাসের চাহিদা বিবেচনায় নিয়ে পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে তিনি এও বলছেন, দেশে বিদ্যমান গ্যাস মজুদ দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব। মন্ত্রী গত ১৯ এপ্রিল রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এমন তথ্য দেন। আর প্রতিমন্ত্রী গত ১৭ এপ্রিল শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপরোক্ত কথাগুলো বলেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দাবি অনুযায়ী দেশে জ্বালানির কোনো সংকট নেই। সংকট হওয়ার কোনো আশঙ্কাও নেই। প্রতিমন্ত্রী গত ১৭ এপ্রিল ইতিহাসের সবচেয়ে বেশি জ্বালানি মজুদের কথা বলার পর দিন গত ১৮ এপ্রিল অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি করে সরকার। অল্প-স্বল্প নয়, লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি করা হয়েছে। এক যুগ পর্যন্ত গ্যাসের চাহিদা পূরণের সক্ষমতা থাকার কথা মন্ত্রী জানানোর (১৯ এপ্রিল) দিনেই রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক ধাক্কায় ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ২১২ টাকা। এর আগে গত ২ এপ্রিল অতীত ইতিহাস ছাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য বাড়ানো হয়েছে ৩৮৭ টাকা। অর্থাৎ মাত্র ১৭ দিনের ব্যবধানে মূল্য বৃদ্ধি দাঁড়ায় ৫৯৯ টাকা, যা দেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। এদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির জন্য সরকার ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। ওই কমিটির সভাপতি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দুই দফায় এলপিজির মূল্য বৃদ্ধি, সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশের ভিডিও ভাইরালও হয়েছে। বিরোধীদলগুলোও এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে।
স্বাভাবিকহারে এলপিজির মূল্যবৃদ্ধি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক ধাক্কায় বাড়ল প্রতি কেজিতে ১৭ টাকা ৬২ পয়সা। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ১৯ এপ্রিল রোববার এক আদেশে বলেছে, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে এপ্রিল মাসের জন্য অন্তর্বর্তী এ দর ঠিক করা হয়েছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে। এর আগে গত ২ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে আরও ২১২ টাকা বেড়ে যাওয়ায় এক মাসেরও কম সময়ে এই সিলিন্ডারের দাম বাড়ল ৫৯৯ টাকা। তখন সৌদি আরামকোর ঘোষিত সিপি, জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম বিবেচনায় এলপিজির দাম সমন্বয় করার কথা জানিয়েছিল বিইআরসি। তখন প্রতি টনে জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম ধরা হয়েছিল প্রতি মেট্রিক টনে ১২০ মার্কিন ডলার। এখন সেই প্রিমিয়াম ২৫০ ডলার ধরে চলতি মাসের অন্তর্বর্তী সময়ের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন দর ঠিক করার কথা জানিয়েছে বিইআরসি। কমিশন বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী ঘিরে সংকট, ওই অঞ্চলে এলপিজিবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং বিকল্প পথে এলপিজি আনতে হওয়ার সময় ও জ্বালানি খরচ বেড়েছে। পাশাপাশি বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি পাওয়ায় এলপিজি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দর সমন্বয় করা হয়েছে।
খুচরা পর্যায়ে বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির দাম ১৪৪ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে এপ্রিলের জন্য ১৬১ টাকা ৬৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে তিন সপ্তাহর মধ্যে প্রতি কেজিতে দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। গত ২ এপ্রিল ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮০১ টাকা। ১৯ এপ্রিলে তা বেড়ে ২ হাজার ২১ টাকা করা হয়েছে। আর ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭৯২ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৮৯ টাকা। বড় সিলিন্ডারগুলোর দামও একই হারে বেড়েছে। ১৫ কেজির সিলিন্ডার ২ হাজার ১৬১ টাকা থেকে ২ হাজার ৪২৫ টাকা, ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ৩০৫ টাকা থেকে ২ হাজার ৫৮৭ টাকা, ১৮ কেজির সিলিন্ডার ২ হাজার ৫৯৩ টাকা থেকে ২ হাজার ৯১০ টাকা এবং ২০ কেজির সিলিন্ডার ২ হাজার ৮৮১ টাকা থেকে ৩ হাজার ২৩৩ টাকা করা হয়েছে। এছাড়া ২২ কেজির সিলিন্ডার ৩ হাজার ১৬৯ টাকা থেকে ৩ হাজার ৫৫৭ টাকা, ২৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৬০১ টাকা থেকে ৪ হাজার ৪২ টাকা, ৩০ কেজির সিলিন্ডার ৪ হাজার ৩২১ টাকা থেকে ৪ হাজার ৮৫০ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার ৪ হাজার ৭৫৩ টাকা থেকে ৫ হাজার ৩৩৫ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার ৪ হাজার ৭৫৩ টাকা থেকে ৫ হাজার ৬৫৮ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৬ হাজার ৪৮২ টাকা থেকে ৭ হাজার ২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাড়ানো হয়েছে সব জ্বালানি তেলের দাম
দেশে সব জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা ও প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। এছাড়া প্রতি লিটার কেরোসিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা। মূল্যবৃদ্ধির আগে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা ও পেট্রোলের মূল্য ১১৬ টাকা ছিল। গত ১৮ এপ্রিল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। গত ১৯ এপ্রিল রোববার থেকে নতুন দর কার্যকর হয়। মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে।