শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন সভাপতি আতিকুর, সম্পাদক লস্কর তসলিম
১২ এপ্রিল ২০২৬ ১৩:৪০
শনিবার (১১ এপ্রিল) কয়েক হাজার ডেলিগেটের উপস্থিতিতে কণ্ঠভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠনটির নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিদায়ী কমিটির সহ-সভাপতি লস্কর মো. তসলিম। শনিবার (১১ এপ্রিল) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সম্মেলনে আগামী তিন বছরের জন্য ৭৫ সদস্যের একটি প্যানেল প্রস্তাব করা হয়। সম্মেলনে উপস্থিত ডেলিগেটরা কণ্ঠভোটের মাধ্যমে এই প্যানেল অনুমোদন করেন। পুরো নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করেন সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল হালিম।
ফেডারেশনের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল হালিম।
সম্মেলনে রাজনৈতিক ও শ্রমিক নেতাদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।