হালদার হ্যাচারিগুলোয় প্রজনন মৌসুমের ব্যাপক প্রস্তুতি


৯ এপ্রিল ২০২৬ ১১:২৪

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : আসন্ন প্রজনন মৌসুম সামনে রেখে হালদা নদীতীরবর্তী হ্যাচারিগুলোয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশের একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত এই নদীতে প্রতি বছর রুই, কাতল, মৃগেল ও কালবাউস মাছ স্বাভাবিকভাবে ডিম ছাড়ে। স্থানীয় ডিম সংগ্রহকারীরা বিশেষ নৌকা ও জালের মাধ্যমে ডিম সংগ্রহ করেন, যা থেকে রেণু উৎপাদন করা হয় এবং দেশের মৎস্য খাতকে গুরুত্বপূর্ণভাবে সমৃদ্ধ করে।
হাটহাজারী উপজেলার মধুনাঘাট, শাহমাদারী ও মাছুয়াগোনা হ্যাচারিতে কুয়া/সিস্টার্নের মাধ্যমে ডিম হ্যাচিং কার্যক্রম পরিচালিত হয়। পুরো প্রক্রিয়াটি দক্ষতা ও অভিজ্ঞতার ওপর নির্ভরশীল হওয়ায় এটি একটি চ্যালেঞ্জিং কাজ হিসেবে বিবেচিত।
চলতি বছরে ‘হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় উক্ত তিনটি হ্যাচারিতে মোট ৫৮টি কুয়া/সিস্টার্ন নির্মাণ ও সংস্কার করা হয়েছে। এতে করে প্রজনন মৌসুমে ডিম হ্যাচিং কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম সরেজমিন হ্যাচারিগুলো পরিদর্শন করেছেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, উপসহকারী প্রকৌশলী রিংকন বিশ্বাসসহ মৎস্য ডিম সংগ্রহকারী সমিতির নেতা ও স্থানীয় ডিম সংগ্রহকারীরা।