কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ সংকটে ব্যাহত চিকিৎসাসেবা


১২ মার্চ ২০২৬ ১০:৫৩

পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র কক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে সাধারণ চিকিৎসাসেবা। বহির্বিভাগে একই কক্ষে বসে গাদাগাদি করে রোগী দেখছেন দুজন চিকিৎসক। এতে গোপনীয়তা রক্ষার পাশাপাশি মানসম্মত সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
গত শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় সরেজমিন হাসপাতালে দেখা যায়, বহির্বিভাগের ছোট একটি কক্ষে দুজন চিকিৎসক পাশাপাশি বসে রোগী দেখছেন। কক্ষে তিল ধারণের জায়গা নেই। একই সময়ে দুজন রোগীর সমস্যা শোনার কারণে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। বিশেষ করে নারী রোগীরা তাদের ব্যক্তিগত সমস্যার কথা চিকিৎসকের কাছে খোলামেলা বলতে দ্বিধাবোধ করছেন। চিকিৎসা নিতে আসা রোগী পারুল বেগম জানান, ‘একই রুমে দুজন ডাক্তার আর অনেক মানুষ থাকায় নিজের সমস্যার কথা ঠিকমতো বলা যায় না। চারপাশ থেকে সবাই কথা শুনছে মনে হয়।’
এ ব্যাপারে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কর্মকার জানান, চিকিৎসক আগের তুলনায় বাড়লেও অবকাঠামো না থাকায় চিকিৎসা সেবায় বিঘ্ন সৃষ্টি হয়। অস্থায়ী পুরনো ভবনে কোনোমতে ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা চলছে। অনেক কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এ সমস্যা প্রকট হয়েছে। তিনি বলেন, আমাদের চিকিৎসকের সদিচ্ছা থাকলেও জায়গার অভাবে রোগীদের পর্যাপ্ত প্রাইভেসি দিতে পারছি না। একটি কক্ষে দুজন চিকিৎসক বসাটা আদর্শ পরিস্থিতি নয়, কিন্তু রোগীদের সেবা চালু রাখতে আমাদের কোনো বিকল্প নেই।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৮ জন মেডিকেল অফিসার রয়েছেন। ভবন সংকটের কারণে বিভিন্ন প্রকার জরুরি পরীক্ষা হচ্ছে না। অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। উল্লেখ্য কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের কাজ ১৮ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০০৮ সালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বারা কাজ শুরু করলেও নানা অনিয়মের কারণে বর্তমানে কাজ বন্ধ রয়েছে।