কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর আবুল হাশেমের দাফন সম্পন্ন
২২ জানুয়ারি ২০২৬ ১১:৩৮
কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার সকাল ৯টায় শহরের হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় এবং সোমবার রাত ১০টার দিকে তার পৈত্রিক বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় দফা জানাজা শেষে মিরপুর পৌরসভার ওয়াবদা কবরস্থানে তাকে দাফন করা হয়।
মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আবুল হাশেমের জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসীন, কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল গফুর, সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর আমীর মো. এনামুল হক, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল আমিন জসিম, জেলা টিম সদস্য অধ্যাপক জুমারত আলী, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দীন, ছাত্রশিবিরের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে বিএনপির দলীয় প্রার্থী রাগীব রউফ চৌধুরী প্রমুখ।
এর আগে কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে গত ১৯ জানুয়ারি সোমবার শহরের বিক্ষোভ মিছিলের ডাক দেয় জেলা জামায়াত। মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম। একপযার্য়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।
গত ১৯ জানুয়ারি সোমবার রাতে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল রহমান শোক জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত ভেরিফাইড অ্যাকাউন্টে লেখেন-প্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেম ছিলেন একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তার অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দীনের কাজে নিয়োজিত থেকে দুনিয়ার সফর শেষ করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দিন, তার নেক আমলগুলো কবুল করুন এবং তাকে শহীদের মর্যাদা দান করুন। আল্লাহ তায়ালা তার কবরকে জান্নাতের একটি বাগিচায় পরিণত করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।
শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি রইল গভীর সমবেদনা। মহান আল্লাহ তায়ালা তাঁদের সবাইকে এই শোক সইবার শক্তি, ধৈর্য ও উত্তম সান্ত্বনা দান করুন।
মরহুম অধ্যাপক আবুল হাশেমের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষক ছিলেন।