তিন পরাশক্তির বহুমাত্রিক কৌশল ও প্রভাব

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ত্রিমুখী চাপ


১ জানুয়ারি ২০২৬ ১০:১৭

॥ ফারাহ মাসুম ॥
যুক্তরাষ্ট্রের বার্মা আইনের সাম্প্রতিক পর্যালোচনা এবং এর সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভারতের কূটনৈতিক লবির সক্রিয়তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে; বিশেষ করে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে এক জটিল ও বহুমাত্রিক প্রভাব তৈরি করেছে। প্রকাশ্যে এটি মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্ন হলেও বাস্তবে বিষয়টি আঞ্চলিক ভূরাজনীতি, প্রভাব বিস্তার এবং ক্ষমতার ভারসাম্যের সঙ্গে গভীরভাবে জড়িত।
বার্মা আইন : মিয়ানমারকে কেন্দ্র করে প্রভাব বাংলাদেশে
যুক্তরাষ্ট্রের বার্মা আইন মূলত মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ জোরদার করা, গণতান্ত্রিক শক্তিকে সহায়তা দেওয়া এবং রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে মানবাধিকার সুরক্ষার একটি আইনগত কাঠামো। আইনটির ঘোষিত লক্ষ্য হলো মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধার, সেনা-শাসনের দায়বদ্ধতা নিশ্চিত করা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রশ্ন আন্তর্জাতিক অঙ্গনে উত্থাপন করা। তবে কাগজে-কলমে মানবাধিকার রক্ষার এ ভাষ্যের আড়ালে যুক্তরাষ্ট্রের বৃহত্তর ভূরাজনৈতিক হিসাবও স্পষ্টভাবে সক্রিয়।
বার্মা আইনের প্রয়োগ ও পর্যালোচনার ক্ষেত্রে ওয়াশিংটন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে নয়, বরং একটি সমন্বিত ভূরাজনৈতিক থিয়েটার হিসেবে বিবেচনা করছে। এ থিয়েটারে মিয়ানমার যেমন একটি কৌশলগত কেন্দ্রবিন্দু, তেমনি বাংলাদেশ হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। চীন, ভারত ও যুক্তরাষ্ট্র- এ তিন শক্তির প্রভাব বলয়ের সংযোগস্থলে থাকা বাংলাদেশ তাই পরোক্ষভাবে হলেও এ আইনের প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না।
বিশেষত রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বার্মা আইনের প্রাসঙ্গিকতা বহুগুণে বাড়িয়েছে। বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর একটির আশ্রয়দাতা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ শুধু মানবিক দায়িত্ব পালন করছে না; বরং এটি একটি দীর্ঘস্থায়ী নিরাপত্তা, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপে রয়েছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে রোহিঙ্গা ইস্যু কেবল মানবাধিকার প্রশ্ন নয়, এটি মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের একটি কৌশলগত হাতিয়ারও বটে। ফলে বার্মা আইনের অধীনে নেওয়া নীতি ও সিদ্ধান্তগুলোয় বাংলাদেশের ভূমিকা, অবস্থান ও আচরণ স্বাভাবিকভাবেই নজরদারির মধ্যে পড়ে। আরও গুরুত্বপূর্ণ হলো- এ আইন প্রয়োগের সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একদিকে মানবাধিকার ও গণতান্ত্রিক মানদণ্ডে মূল্যায়ন করছে; অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নেও হিসাব কষছে। এতে করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ওপর পরোক্ষ চাপ সৃষ্টি হচ্ছে। বলা যায়, মিয়ানমারকে কেন্দ্র করে প্রণীত বার্মা আইন বাস্তবে একটি বিস্তৃত আঞ্চলিক কৌশলের অংশ- যার ছায়া পড়ছে পরিসর ও রাজনৈতিক ভবিষ্যতের ওপরও।
দিল্লির লবি : ওয়াশিংটন নীরব, কিন্তু শক্তিশালী
ওয়াশিংটনের নীতিনির্ধারণী মহল ভারতের কৌশলগত লবি দীর্ঘদিন ধরেই এক ধরনের নীরব, কিন্তু কার্যকর উপস্থিতি বজায় রেখে চলেছে। প্রকাশ্যে এ লবি খুব কমই সরব হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তানীতির ভেতরকার আলোচনায় দক্ষিণ এশিয়া সংক্রান্ত বহু সিদ্ধান্তে দিল্লির অবস্থান প্রতিফলিত হয় সূক্ষ্মভাবে। বিশেষ করে বাংলাদেশ প্রশ্নে এ প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে।
ভারতের কৌশলগত লবির প্রথম ও প্রধান লক্ষ্য হলো- বাংলাদেশে এমন একটি সরকার কাঠামোর ধারাবাহিকতা নিশ্চিত করা, যা দিল্লির নিরাপত্তা উদ্বেগ ও আঞ্চলিক স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক না হয়। উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ দমন এবং বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নিয়ন্ত্রণে বাংলাদেশের সহযোগিতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে দিল্লি চায় না, বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক অস্থিরতা বা ক্ষমতার পরিবর্তন ঘটুক, যা এ সহযোগিতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
দ্বিতীয়ত, ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র-ভারত জোট চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অংশীদার হিসেবে দেখছে। দিল্লির কৌশল হলো- বাংলাদেশকে সরাসরি কোনো জোটে টেনে আনার পরিবর্তে ধীরে, নীরবে এবং ‘নরম অন্তর্ভুক্তি’র মাধ্যমে এ কৌশলের সঙ্গে সংযুক্ত রাখা। এতে একদিকে চীনের প্রভাব সীমিত করা যায়; অন্যদিকে বাংলাদেশে প্রকাশ্য ভূরাজনৈতিক মেরুকরণও এড়ানো সম্ভব হয়। এখানে আমেরিকান প্রভাবের পরিবর্তে দিল্লির নিয়ন্ত্রণ নিশ্চিত হয়।
তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো, মিয়ানমার সীমান্ত ও উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা পরিস্থিতি। মিয়ানমারের অস্থিতিশীলতা, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং সীমান্ত অঞ্চলজুড়ে অনিশ্চয়তা দিল্লির জন্য একটি বড় উদ্বেগের কারণ। এ প্রেক্ষাপটে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও পূর্বানুমেয় রাষ্ট্র হিসেবে ধরে রাখা ভারতের নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ ভারতের জন্য গুরুত্বপূর্ণ এসেট। এ কারণে আওয়ামী লীগকে বাইরে রেখে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর হোক, সেটি দিল্লির নীতিপ্রণেতারা চাইছে না।
এসব কারণ মিলিয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী মহলে বাংলাদেশ প্রশ্নে একটি মৌলিক দ্বন্দ্ব স্পষ্টÑ ‘স্থিতিশীলতা বনাম গণতন্ত্র’। প্রকাশ্যে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক মানদণ্ড ও মানবাধিকারের কথা বললেও বাস্তব সিদ্ধান্তে অনেক সময় স্থিতিশীলতাকেই অগ্রাধিকার দেওয়া হয়। এ ভারসাম্য রক্ষার পেছনে দিল্লির নীরব কিন্তু শক্তিশালী লবির প্রভাব অস্বীকার করা কঠিন। ফলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ওয়াশিংটনের অবস্থান অনেকাংশেই দিল্লির কৌশলগত হিসেব দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে কিনা, সে সংশয় অনেকের মধ্যে রয়েছে।
নির্বাচন ও চাপের রাজনীতি
বাংলাদেশে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে চাপ ও বার্তার রাজনীতি স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এ নির্বাচনকে শুধু একটি অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে নয়, বরং গণতন্ত্র, মানবাধিকার ও আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাক্ষেত্র হিসেবে দেখছে। সে কারণে ওয়াশিংটনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানানো হচ্ছে। কিন্তু ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তিকে স্বল্প মেয়াদে পুনর্বাসনে কোনো সম্মতি দেখা যাচ্ছে না।
এ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের আহ্বানের পাশাপাশি যুক্তরাষ্ট্র একাধিক নীতিগত সংকেতও দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো, ভিসানীতি, যার আওতায় নির্বাচন প্রক্রিয়ায় বাধা প্রদানকারী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন, গুম ও দমন-পীড়নের অভিযোগে কূটনৈতিক ভাষায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এসব বার্তা প্রকাশ্যে তুলনামূলকভাবে কঠোর মনে হলেও বাস্তবে সেগুলোর প্রয়োগে একটি পরিমিত ও নিয়ন্ত্রিত ধারা লক্ষ করা যায়।
এ নিয়ন্ত্রিত চাপের পেছনে আঞ্চলিক ভূরাজনীতির বাস্তবতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র একদিকে বাংলাদেশে গণতান্ত্রিক মানদণ্ড বজায় রাখার কথা বলছে; অন্যদিকে তারা দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা হারানোর ঝুঁকিও নিতে চায় না। বিশেষ করে চীন, মিয়ানমার ও ভারতকে কেন্দ্র করে গড়ে ওঠা জটিল ভূরাজনৈতিক সমীকরণে বাংলাদেশ একটি সংবেদনশীল অবস্থানে রয়েছে।
এ প্রেক্ষাপটে ভারতের অবস্থান তুলনামূলকভাবে নীরব কিন্তু কৌশলী। দিল্লির কাছে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মুখ্য বিষয় হলো ক্ষমতার ধারাবাহিকতা, সীমান্ত নিরাপত্তা এবং উত্তর-পূর্ব ভারতের স্থিতিশীলতা। ভারত প্রকাশ্যে নির্বাচন নিয়ে তীব্র কোনো বক্তব্য না দিয়ে বরং বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পক্ষেই বেশি কথা বলছে, আবার বাংলাদেশে অস্থিরতা সৃষ্টিকারী শক্তিকে গোপনে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এ অবস্থান যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী মহলেও প্রভাব ফেলছে।
এতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের চাপ একেবারে প্রত্যাশিত মাত্রায় তীব্র হয়ে ওঠেনি। গণতন্ত্রের প্রশ্নে কঠোর ভাষার আড়ালে বাস্তবে একটি সমঝোতামূলক কৌশল কাজ করছে, যেখানে দিল্লির লবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছে। ‘স্থিতিশীলতা বনাম গণতন্ত্র’- এ দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র আপাতত এমন একটি পথ বেছে নিচ্ছে, যেখানে চাপ থাকবে, কিন্তু তা সীমা অতিক্রম করবে না। এ বাস্তবতাই ফেব্রুয়ারির নির্বাচনকে আন্তর্জাতিক রাজনীতির একটি সূক্ষ্ম পরীক্ষায় পরিণত করেছে।
বিরোধী রাজনীতি ও আন্তর্জাতিক বার্তা
বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বার্মা আইন এবং গণতন্ত্র ও মানবাধিকারকেন্দ্রিক কূটনৈতিক অবস্থানকে নিজেদের আন্দোলনের পক্ষে একটি সম্ভাব্য আন্তর্জাতিক সমর্থন হিসেবে ব্যাখ্যা করছে। বিশেষ করে নির্বাচন, রাজনৈতিক দমন-পীড়ন ও নাগরিক অধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য বক্তব্য বিরোধী রাজনীতির জন্য একটি নৈতিক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের ধারণা, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেলে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসতে পারে এবং রাজনৈতিক পরিসর কিছুটা হলেও উন্মুক্ত হবে।
কিন্তু বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতিতে ‘রেজিম চেঞ্জ’ আর প্রধান কৌশল নয়। ইরাক, আফগানিস্তান ও আরব বসন্তের অভিজ্ঞতার পর ওয়াশিংটন এখন রাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলার ঝুঁকি নিতে চায় না। বরং তারা এমন একটি ব্যবস্থার পক্ষে, যাকে অনেক বিশ্লেষক ‘ম্যানেজড ডেমোক্রেসি’ বা সীমিত সংস্কারভিত্তিক শাসনকাঠামো হিসেবে আখ্যায়িত করেন। এ কৌশলে নির্বাচন থাকবে, বিরোধী কণ্ঠ সীমিত পরিসরে সক্রিয় থাকবে, কিন্তু সামগ্রিক স্থিতিশীলতা অক্ষুণ্ন থাকবে।
এ দৃষ্টিভঙ্গি বাংলাদেশের বিরোধী রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। যুক্তরাষ্ট্রের কাছে মুখ্য প্রশ্ন এখন আর কে ক্ষমতায় থাকবে তা নয়, বরং ক্ষমতার কাঠামো কতটা পূর্বানুমেয় ও নিয়ন্ত্রণযোগ্য থাকবে। এতে করে বিরোধীদলগুলোর প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে একটি স্পষ্ট ব্যবধান তৈরি হচ্ছে। আন্তর্জাতিক সমর্থনের আশা থাকলেও তা যে সরাসরি ক্ষমতার পালাবদলে রূপ নেবে না- এ সত্য ক্রমেই পরিষ্কার হয়ে উঠছে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্র এ সীমিত সংস্কার ও স্থিতিশীলতার কৌশল বাস্তবায়নের সময় ভারতের মতো আঞ্চলিক মিত্রদের স্বার্থ দেখলেও নিজের কর্তৃত্বকে আগের মতো আর সমর্পণ করতে চায় না। দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তা উদ্বেগ, সীমান্ত স্থিতিশীলতা ও চীনবিরোধী কৌশল যুক্তরাষ্ট্রের বৃহত্তর ইন্দো-প্যাসিফিক নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ফলে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের প্রশ্নে ওয়াশিংটনের সিদ্ধান্ত অনেকাংশেই দিল্লির কৌশলগত হিসেবের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হচ্ছে।
এ প্রেক্ষাপটে বাংলাদেশের বিরোধী রাজনীতির জন্য আন্তর্জাতিক বার্তাটি দ্ব্যর্থহীন- নৈতিক সমর্থন থাকবে, কূটনৈতিক ভাষায় উদ্বেগ প্রকাশ হবে, কিন্তু সরাসরি ‘রেজিম চেঞ্জ’-এর কোনো নিশ্চয়তা নেই। বরং সীমিত সংস্কার, অংশগ্রহণমূলক কিন্তু নিয়ন্ত্রিত নির্বাচন এবং স্থিতিশীলতার মধ্যে দিয়েই যুক্তরাষ্ট্র পরিস্থিতি সামাল দিতে চায়। এ বাস্তবতা বুঝে ভারতের বাংলাদেশ নীতি ঠিক করা দরকার বলে দিল্লির নীতিপ্রণেতাদের একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করছে। বাংলাদেশে বিএনপির সাথে বোঝাপড়া তৈরির ক্ষেত্রে এ সমীকরণ কাজ করছে বলে মনে করা হচ্ছে।
কেন আমেরিকান ‘ডিপ স্টেট’ কৌশলগতভাবে ইউনূসকে সমর্থন দিচ্ছে?
বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী মহলের কৌশলগত সমর্থন একটি হঠাৎ বা আবেগনির্ভর সিদ্ধান্ত নয়। এ নীতিনির্ধারণী মহলকে অনেক বিশ্লেষক ‘আমেরিকান ডিপ স্টেট’ বলে আখ্যায়িত করেন; এটি মূলত দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল ভূরাজনীতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
প্রথমত, ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের কাছে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য অন্তর্বর্তী কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে পরিচিত, পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্য এবং ‘নন-পার্টিজান’ ভাবমূর্তির অধিকারী। নির্বাচনের আগে একটি উত্তপ্ত ও বিভক্ত রাজনৈতিক বাস্তবতায় ওয়াশিংটন এমন একটি সরকারকেই পছন্দ করে, যা ক্ষমতার শূন্যতা তৈরি না করে রাষ্ট্রীয় ধারাবাহিকতা বজায় রাখতে পারে।
দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র এখন আর সরাসরি সরকার পরিবর্তনের পথে হাঁটে না। তাদের বর্তমান কৌশল হলো ম্যানেজড ট্রানজিশন- অর্থাৎ সীমিত সংস্কার, নিয়ন্ত্রিত রাজনৈতিক প্রতিযোগিতা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার সমন্বয়। ড. মুহাম্মদ ইউনূস সরকার এ কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ এটি একদিকে সংস্কারের ভাষা ব্যবহার করছে; অন্যদিকে রাষ্ট্রযন্ত্র ভেঙে না দিয়ে তা সচল রাখছে।
তৃতীয়ত, আঞ্চলিক ভূরাজনীতিতে বাংলাদেশ একটি সংবেদনশীল অবস্থানে রয়েছে। চীন, ভারত ও মিয়ানমার- এ তিনটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের মাঝখানে যুক্তরাষ্ট্র এমন কোনো পরিস্থিতি চায় না, যেখানে হঠাৎ রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ে শক্তির ভারসাম্য বিঘ্নিত হবে। ইউনূস সরকারকে সমর্থন দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল বাফার প্রশাসন নিশ্চিত করতে চাইছে, যা ইন্দো-প্যাসিফিক কৌশলের জন্যও সুবিধাজনক।
চতুর্থত, ভারতের স্বার্থও এখানে উপেক্ষিত নয়। যুক্তরাষ্ট্র জানে, দিল্লির নিরাপত্তা উদ্বেগ ও আঞ্চলিক হিসেব না মেনে বাংলাদেশে কোনো বড় রাজনৈতিক পরীক্ষায় যাওয়া বাস্তবসম্মত নয়। ইউনূস সরকার এমন একটি সমঝোতামূলক বিকল্প, যা ভারতের কাছেও আপাতত গ্রহণযোগ্য এবং যুক্তরাষ্ট্রের জন্য কূটনৈতিকভাবে সুবিধাজনক।
সব শেষে বলা যায়, আমেরিকান ডিপ স্টেটের সমর্থন ইউনূস সরকারের প্রতি কোনো ব্যক্তিগত অনুরাগ নয়; এটি একটি কৌশলগত বিনিয়োগ। এ বিনিয়োগের লক্ষ্য- নিয়ন্ত্রিত পরিবর্তন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক স্বার্থ সুরক্ষা। বাংলাদেশকে তাই এ সমর্থনকে সুযোগ হিসেবে দেখার পাশাপাশি এর সীমাবদ্ধতাও বুঝতে হবে।
উপসংহার : নির্বাচন শুধু ঘরোয়া নয়
ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনা নয়; এটি যুক্তরাষ্ট্রের মানবাধিকার ভাষ্য, ভারতের আঞ্চলিক নিরাপত্তা কৌশল এবং চীনের নীরব পর্যবেক্ষণ- এ তিন বলয়ের টানাপড়েনের ফলাফল।
বার্মা আইনের পর্যালোচনা এবং দিল্লির লবির প্রভাব দেখিয়ে দিচ্ছে, বাংলাদেশ এখন আর কেবল নিজের ভোটের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ করছে না; বরং সে দাঁড়িয়ে আছে একটি বৃহত্তর ভূরাজনৈতিক দাবা বোর্ডে- যেখানে প্রতিটি চালের আন্তর্জাতিক অর্থ আছে। তবে বাংলাদেশের চূড়ান্ত গতিপথ নির্ধারণে ভূমিকা রাখে দেশের অভ্যন্তরীণ জনমত ও রাজনৈতিক শক্তি। সেটিই রাজনৈতিক পরিস্থিতির শেষ পর্যন্ত বড় নিয়ন্ত্রক হয়ে ওঠে। ভারত চাইলেও এতে বড় কোনো পরিবর্তন করতে পারে না।