চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের দায়িত্বশীল সমাবেশ

হাসিনার ফাঁসির রায় কর্তৃত্ববাদী শাসকের জন্য সতর্কবার্তা -মুহাম্মদ শাহজাহান


২১ নভেম্বর ২০২৫ ১১:৩৫

মুহাম্মদ ইমরান সোহেল, চট্টগ্রাম: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ৫ আগস্ট গণহত্যা করে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন ভারতে বসেও একের পর এক দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই জনগণ শুধু আদেশ নয়, অবিলম্বে খুনি হাসিনার ফাঁসি কার্যকর দেখতে চায়। হাসিনার ফাঁসির রায় কর্তৃত্ববাদী শাসকের জন্য ভবিষ্যতে এক কঠিন সতর্কবার্তা। তিনি বলেন, আগামীতে আর কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য জুলাই সনদকে কার্যকর করতে দ্রুততম সময়ের মধ্যে গণভোট দিন। গণভোটে জনগণ নির্ধারণ করবে আগামী দিনে দেশ কীভাবে চালানো হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের পক্ষে ভূমিকা রাখবেন বলেও আশা করেন তিনি।
গত সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন পরিচালক ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সভাপতিত্বে এবং আসন কমিটির সচিব ও জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ নাছেরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ নুরুল আমীন, জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাঁশখালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, পৌরসভা আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের, জেলা শূরা সদস্য মাওলানা আজিজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আরিফুল্লাহ এবং জেলা ও উপজেলা নেতারা।
শাহজাহান আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে আজ এক ঐতিহাসিক দিন। অসংখ্য মানুষের জীবন বিপন্নকারী, শত শত অপরাধের মাস্টারমাইন্ড খুনি হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে ট্রাইব্যুনালে। দেশের মানুষ এ দিনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। আজ তা হয়েছে। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, বাঁশখালীর জনগণ ইসলামপ্রিয়। আগামী নির্বাচনে সারা দেশের ন্যায় এখানেও ইসলামী শক্তি বিপুল ভোটে বিজয় লাভ করবে, ইনশাআল্লাহ।