জাকির আবু জাফর-এর কবিতা

বাংলাদেশের জলতরঙ্গের দক্ষিণ বাহু


২১ নভেম্বর ২০২৫ ১১:০৭

আমাদের পাঁজরাবৃত বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ছে পৃথিবীর পরাশক্তিগুলোর বুকের ওপর
চীন থেকে আমেরিকা, প্রাচ্য থেকে পাশ্চাত্যের তলদেশে তোলপাড় তুলছে এ বাংলাসমুদ্র
আগামী এশিয়ার ক্ষমতাবিন্দু কি তবে বাংলাদেশের জলতরঙ্গের দক্ষিণ বাহু!

আমাদের মেঘ আর সমুদ্র-পাখিদের হাম্মামখানায় এখন ঈগলের রহস্য-ছায়া
ড্রাগন এবং সিংহের নিশ্বাসে আমাদের জলজ প্রাণীরা বিচলিত! আমাদের এই উপসাগরটি পকেটে পুরে নিতে চায় কারা!

আমরা তো বিশ্বগ্রামের কল্যাণেই জীবনকে জীবনের বুকে রুয়ে দিতে চাই
আমাদের শান্তির পতাকা আকাশসম বিস্তৃত
আমরা সাম্যের, ন্যায়, নীতি ও ন্যায্যতার পক্ষে প্রার্থনার মতো একান্তে দাঁড়িয়ে যাই
তবু কেন আমাদের জলতরঙ্গে মেশাতে হবে যুদ্ধের রং

আমরা তো বার বার বলেছি-
হে পৃথিবী মানবজাতির পক্ষে যুদ্ধ কোনোদিনই সুসংবাদ কিংবা মীমাংসা আনেনি
বরং যুদ্ধ মানেই হত্যাযজ্ঞের নৃশংস উৎসব
নির্বিচারে খুনের ঘনঘটা
বিবেকের পরাজয় এবং
মানবিক মর্যাদার করুন অপমান!

তবু কেন খড়গহস্ত যুদ্ধান্ধদের উদ্যত হাত
কেন মারণাস্ত্রের মর্মান্তিক প্রদর্শনী
কেন সভ্যতার উদরে এতসব আণবিক বোম
তবে কি মনুষ্য-মানচিত্র বিছিয়ে চলবে মানুষ হত্যার উৎসব!

শোনো তবে- যৌবনকে যুদ্ধে খরচ করার তৃষ্ণাকে আমরা মানবিক শরবতে মিটিয়ে দিতে চাই
আমরা চাই মানুষের অভয়াশ্রম হোক আমাদের পৃথিবী
আমাদের বুকের ওপর বয়ে যাক আমাদের
প্রশান্তির বঙ্গোপসাগর
গুটিয়ে নাও তোমাদের সাম্রাজ্যবাদী থাবা!