চট্টগ্রাম-৯ আসনে ওলামা সমাবেশে মুহাম্মদ শাহজাহান

ইসলামী মূল্যবোধে দেশকে উজ্জীবিত করতে ওলামায়ে কেরামের ঐক্য অপরিহার্য


২৪ অক্টোবর ২০২৫ ০৯:৫২

ইসলামী মূল্যবোধে দেশকে উজ্জীবিত করতে ওলামায়ে কেরামদের ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
গত শনিবার (১৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই জাতীয় সনদ ১৭ অক্টোবর শুক্রবার স্বাক্ষরিত হয়েছে। কিছু দল এটি স্বাক্ষর করেনি। জাতির জন্য ভালো হত যদি সকলে মিলে স্বাক্ষর করত। জুলাই সনদে কিছু কিছু দফা নিয়ে মতপার্থক্য রয়েছে। এরপরও জুলাই জাতীয় সনদে যেসব বিষয় রয়েছে এগুলো বাস্তবায়ন করা গেলে দেশ এগিয়ে যাবে। নতুন করে স্বৈরাচার আসার সুযোগ পাবে না। এটি এখনো একটি কাগজ। এটিকে অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে।
তিনি আরো বলেন, ঐক্য প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামগণ বেশি ভূমিকা রাখতে পারবেন। শহীদ অধ্যাপক গোলাম আযম, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, শহীদ মতিউর রহমান নিজামী ইসলামের ঐক্য প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করে গেছেন। এ ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না।
জামায়াতের এ নেতা বলেন, দীনের পরিপূর্ণ প্রতিচ্ছবি হিসেবে ওলামায়ে কেরামদের সমাজে পেশ করা উচিত। প্রত্যেকের কথা এবং কাজের মধ্যে চমৎকার সামঞ্জস্য থাকা উচিত। আমার কোনো আমল আখলাককে কোনো ধরনের প্রশ্ন যাতে তুলতে না পারে, সেভাবে নিজের জীবনধারা পরিচালনা করতে হবে।
মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের সবশ্রেণির মানুষ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন ধারণা তৈরি হয়েছে যে, এবার ইসলামপন্থীরা ক্ষমতায় যাচ্ছে। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে ওলামায়ে কেরামদের ভূমিকা পালন করতে হবে। এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, খেদমতে দীনের ব্যাপারে অনেকে ব্যাপকভাবে ভূমিকা পালন করি। কিন্তু ইকামতে দীনের ব্যাপারে সেভাবে ভূমিকা পালন করতে পারি না। অথচ ইকামতের মধ্যে খেদমতে দীন রয়েছে। সংগঠনের মাধ্যমে সকলকে অগ্রসর হয়ে আসতে হবে। এভাবে আসলে জনপদের মানুষ দলে দলে ইকামতে দীনের কাজে এগিয়ে আসবে।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ডাকসুর বিজয়ে শহীদ আব্দুল মালেক, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, জুলাই শহীদদের রক্তের বরকত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে অনেক শহীদের রক্ত ঝরেছে। রক্তের বিনিময়ে আল্লাহ এ প্রতিদান দেয়া শুরু করেছেন। এ সময়ে মানুষের কাছে আমাদের সঠিকভাবে আমাদের ভূমিকা তুলে ধরতে হবে। জাতীয় নির্বাচনে ওলামায়ে কেরামগণের ঐক্যের অর্থবহ বার্তা পৌঁছে দিতে পারলে আন্তর্জাতিক মহলে আমাদের যে ভামমূর্তি তৈরি হয়েছে এবং দেশের ভিতরেও ইসলামের প্রতি মানুষের যে আগ্রহ তৈরি হয়েছে আগামী জাতীয় নির্বাচনে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এ বিজয়ের ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনেও জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয় লাভ করব, ইনশাআল্লাহ।
ওলামা বিভাগ চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, বাইতুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়েদ আবু নোমান, নগর সহকারী সেক্রেটারি, চট্টগ্রাম-৯ আসন পরিচালক ফয়সল মোহাম্মদ ইউনুস ও চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক। প্রেস বিজ্ঞপ্তি।