চাঁদাবাজি ও সন্ত্রাসের জন্য আমাদের ভাই বোনেরা জীবন দেয়নি : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ


৯ অক্টোবর ২০২৫ ১৪:২৮

নূর ইসলাম, তালা (সাতক্ষীরা) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন, এদেশে চাঁদাবাজি ও সন্ত্রাস সৃষ্টি করার জন্য আমাদের ভাইয়েরা ও বোনেরা জীবন দেয়নি। তিনি বলেন, আমরা কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজকে তালার মাটিতে স্থান দেবো না। আমাদের রক্ত ও জীবনের বিনিময়ে হলেও এসব সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে জিহাদ চলবে।
গত সোমবার (৬ অক্টোবর) তালা উপজেলার জালালপুর ইউনিয়নের আঠুলিয়া বাজারে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, দেশে এ পর্যন্ত জামায়াতের কোনো কর্মীর বিরুদ্ধে কোনো চাঁদাবাজির প্রমাণ মেলেনি। সুতরাং তালাকে সুখে শান্তিতে রাখতে হলে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। জামায়াতের দুজন মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগও পাওয়া যায়নি।
জালালপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহাবুদ্দীন সরদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন জামায়াতের প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান প্রমুখ।