চীন সফরে যাচ্ছেন আমীরে জামায়াত


১০ জুলাই ২০২৫ ০৭:৫০

গত ৮ জুলাই মঙ্গলবার রাতে ঢাকাস্থ চায়না দূতাবাস চীন সফরের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে

কূটনৈতিক রিপোর্টার : বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এবার চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষনেতৃত্বের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৫ জুলাই অবধি হবে ওই সফর। দলটির শীর্ষ পর্যায়ের ৯ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। স্মরণ করা যায়, গত মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির উচ্চপর্যায়ে একটি প্রতিনিধিদল চীন সফর করেন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ছিল সেই সফর। ৫ আগস্ট রক্তাক্ত অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী, সাংবাদিক, ছাত্র প্রতিনিধির সমন্বয়ে গঠিত বিভিন্ন টিমের এমন সফর হয়েছে। তারও আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন দলটির একাধিক টিম চীন সফর করে।
জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সম্মানে চীনা দূতাবাসের সংবর্ধনা
জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ জুলাই মঙ্গলবার রাতে ঢাকাস্থ চায়না দূতাবাস চীন সফরের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংবর্ধনায় অংশগ্রহণ করেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন, সংগঠনের শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, আমীরে জামায়াতের পিএস নজরুল ইসলাম, ওমর হাসিব শফিউল্লাহ, নওশাদ আলী ফরহাদ প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সরকারের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৫ জুলাই চীন সফর করবেন, ইনশাআল্লাহ।