ভূঞাপুরে ইউনিয়ন পরিষদের জায়গা দখলের অভিযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৫
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুরে দলীয় প্রভাব দেখিয়ে কুকাদাইর গ্রামের কামরুল প্রামাণিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে টিনের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের জায়গার কিছু অংশ নিজেদের দাবি করে সরকারি গভীর নলকূপ কাজের বাধা প্রদান করায় কাজ বন্ধ রেখেছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ফলে কাজটি শেষ না হওয়ায় গোবিন্দাসী ইউনিয়ন পরিষদসহ বাজার এলাকার ৩শ’ পরিবার বিশুদ্ধ পানি সেবা থেকে বঞ্চিত।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়, দুই কোটি টাকা ব্যয়ে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের জায়গায় সরকারিভাবে গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে দুটি বোরিংয়ের মধ্যে একটির কাজ সম্পন্ন করা হয়েছে। দ্বিতীয় বোরিংটি করার সময় কামরুল প্রামাণিক বাধা দেয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বন্ধ রাখে। ফলে ৩শ’ পরিবার বিশুদ্ধ পানি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, টিনের বেড়া দিয়ে পরিষদের জায়গা দখল নেওয়ার বিষয়টি শুনেছি। এ নিয়ে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়েছিল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, উপজেলা জনস্বাস্থ্য থেকে বিশুদ্ধ পানি সরবারহের একটি প্রকল্প নেওয়া হয়েছে।