শিশুদের আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিপথে ঠেলে দিয়েছে : নূরুল ইসলাম বুলবুল
৩১ জানুয়ারি ২০২৫ ১২:০০
আজকের শিশুরা আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, এই শিশুদের আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিপথে ঠেলে দিয়েছে। পথশিশুদের হাতে বই-কলম তুলে না দিয়ে তাদের দিয়ে আওয়ামী লীগের নেতার মাদক বিক্রি ও সেবন করিয়েছে। জামায়াতে ইসলামী পথশিশুদের জন্য ঢাকা শহরে বস্তিভিত্তিক স্কুল প্রতিষ্ঠা করে তাদের শিক্ষার আলোয় আলোকিত করার কাজ করছে।
গত ২৭ জানুয়ারি সোমবার সকালে রাজধানীর জুরাইন এলাকায় জামায়াতে ইসলামীর পরিচালিত ৫টি বস্তিভিত্তিক স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার ও বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, কোনো জনপদের শিশুদের অবহেলা করা যাবে না। মনে রাখতে হবে, কয়লা পুড়িয়ে সোনা তৈরি হয়। তাই সকল ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর শিশুদের সমান অধিকার দিয়ে আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার হিসেবে তাদের তৈরি করতে হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খানের পরিচালনায় শীতবস্ত্র উপহার প্রদান ও বই উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামপুর-কদমতলী জোন পরিচালক জয়নাল আবেদীন, কদমতলী দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, শ্যামপুর-যাত্রাবাড়ী থানা আমীর মাওলানা জাকির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।