উসমান গনি তুরস্কে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয়
২ মে ২০২৬ ১৫:২৭
তুরস্কে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার কেরাত বিভাগে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের মোহাম্মদ উসমান গনি। এ উপলক্ষে বাংলাদেশ সময় বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে একটি জমকালো অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্য বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।
এবার মোট দু’টি গ্রুপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়- প্রথমটি হিফজুল কোরআন প্রতিযোগিতা। এই গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন লিবিয়ার সিরাজুদ্দীন কান্দি, দ্বিতীয় হয়েছেন ক্যামেরুনের নূরুদ্দীন ও তৃতীয় হয়েছেন ইয়েমেনের শিহাব আদ-দুবাঈ।
আর অন্য গ্রুপটি ছিলো- কেরাত প্রতিযোগিতা। এই গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন ফিলিপাইনের সুহদান জাকারিয়া, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের উসমান গনি ও তৃতীয় স্থান অর্জন করেছেন মালয়েশিয়ার মুহাম্মদ খাইরি। বাংলাদেশের মোহাম্মদ উসমান গনি রাজধানীর ‘মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ’র ছাত্র বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। একইসাথে মোহাম্মদ উসমান গনিকে নিজের ছাত্র দাবি করেছেন শায়খ নেছার আহমাদ আন নাছিরী। তিনি ফেসবুকে জানিয়েছেন, উসমান গনি তার প্রতিষ্ঠিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তবে খোঁজ নিয়ে জানা গেছে, উসমান গনি ইতোপূর্বে শায়খ নেছারের প্রতিষ্ঠানের হিফজ বিভাগে পড়েছেন।