অন্য জমির ফসল

আজকের পত্রিকা: ‘সংগঠিত হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ’

সোনার বাংলা অনলাইন
৩০ মার্চ ২০২৬ ১০:৩৯

পত্রিকা

আজ ৩০ মার্চ ২০২৬ সোমবার।

বণিক বার্তা পত্রিকার খবর – সংগঠিত হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

এ খবরে বলা হয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এলেও দলটির অভ্যন্তরে শেখ পরিবারের প্রভাব এখনো অটুট রয়েছে।

২০২৪ সালের ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর দলটির কার্যক্রম নিষিদ্ধ হলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বার্তা দেওয়ার ক্ষেত্রে তারাই এখনো নেতৃত্ব দিচ্ছেন।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকলেও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে সক্রিয় থাকার চেষ্টা করছেন।

দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশনাও দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় গুদামে ১০টি রোগের টিকার মজুত শূন্যে নেমে এসেছে। এর মধ্যেই চলতি মাসে হামে আক্রান্ত হয়ে ৪১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা পরিস্থিতির গুরুতর দিকটি তুলে ধরছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, টিকা কেনার জটিলতা, সরবরাহ সমস্যা এবং জনবল ঘাটতির কারণে মাঠপর্যায়ে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

অনেক শিশু প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়ছে, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে এই ড্রপ আউট বেড়েছে। ফলে টিকার আওতার বাইরে থাকা শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়ছে, পাশাপাশি অন্যান্য রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে।

একসময় টিকাদান কর্মসূচিতে সাফল্যের জন্য পরিচিত বাংলাদেশ পোলিও ও ধনুষ্টংকার নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল এবং হামও নিয়ন্ত্রণে ছিল।

২০২৫ সালের মধ্যে হাম নির্মূলের লক্ষ্য থাকলেও বর্তমান পরিস্থিতি সেই অর্জনকে ঝুঁকির মুখে ফেলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ ও লজিস্টিক সংকটের পাশাপাশি নজরদারির দুর্বলতা এবং শহরাঞ্চলে অসম টিকা বিতরণ পরিস্থিতিকে জটিল করেছে। সামাজিক ও পরিবেশগত কারণও সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখছে।

দ্য ডেইলি স্টার পত্রিকার আজকের খবর- At least 38 children dead in measles outbreak অর্থাৎ দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এ বছর অন্তত ৩৮ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যার মধ্যে শুধু চলতি মাসেই মারা গেছে ৩২ জন শিশু।

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিভিন্ন সূত্রের তথ্য একত্র করলে মোট মৃত্যুর সংখ্যা ৪৬ জন পর্যন্ত হতে পারে, যদিও সঠিক হিসাব এখনও স্পষ্ট নয়।

চিকিৎসকরা বলছেন, গত বছরের ডিসেম্বর থেকে হামের সংক্রমণ বাড়তে শুরু করে এবং চলতি মাসে তা দ্রুত বেড়েছে।

ঢাকার পাশাপাশি ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও রাজশাহী এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

কালের কণ্ঠ পত্রিকার খবর- সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে উত্তেজনা। খবরে বলা হয়েছে, সংবিধান সংস্কার নিয়ে জাতীয় সংসদে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে আগামী মঙ্গলবার আলোচনা করার সিদ্ধান্ত জানিয়েছেন ডেপুটি স্পিকার। এ বিষয়ে সংসদে নোটিশ দেয় বিরোধী দল জামায়াতে ইসলামী।

নোটিশটি কবে আলোচনা হবে তা নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

কার্যসূচি আগে না নোটিশ আগে, এই প্রশ্নে বিতর্ক তীব্র হলে কিছু সময়ের জন্য অধিবেশনকক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নোটিশটি উত্থাপন করে বলেন, জুলাই জাতীয় সনদের ৪৮টি প্রস্তাব বাস্তবায়নে সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করার কথা রয়েছে।

তবে সরকারি পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত কার্যসূচি শেষ না করে এ নিয়ে আলোচনা সম্ভব নয়।

এদিকে নোটিশটি নিয়ে বিরোধী দলের অবস্থানের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী একে অপরিণত পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। এদের মধ্যে ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তবে দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ অফিশিয়ালি এই তথ্য নিশ্চিত করেনি।

স্থানীয়ভাবে পরিবার, প্রতিবেশী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ পর্যন্ত ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে তারা প্রাণ হারিয়েছেন।

ভূমধ্যসাগরে প্রাণ হারানো ব্যক্তিদের বাড়িতে চলছে শোকের মাতম। জানা গেছে, মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথপুরের ৫ জন ও দোয়ারাবাজারের ১ জন রয়েছেন।

প্রাণ হারানো ব্যক্তিদের স্বজনরা বলেন, দালালরা ১২ লাখ টাকার চুক্তিতে বড় নৌকা দিয়ে ইতালি কিংবা গ্রিসে পাঠানোর কথা থাকলেও পরে ঝুঁকিপূর্ণ ছোট প্লাস্টিকের নৌকায় তাদের সাগরপথে ছেড়ে দেয়।

২ দিনের মধ্যে তারা গন্তব্যে পৌঁছে যাবে এমনটি বলা হলেও যাত্রাপথে ভুল রাস্তায় গিয়ে ৬ দিনেরও বেশি সময় সাগরে কাটানোর কারণে তারা খাবারের অভাব ও পানির পিপাসায় কাতর হয়ে মারা যায়।

আজকের পত্রিকার খবর- গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই শেষে আগামী ২ এপ্রিল সংসদে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় বিশেষ কমিটি।

তবে গণভোট সংক্রান্ত অধ্যাদেশটি সংসদে বিল আকারে না তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী আপত্তি জানিয়েছে।

সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে, গণভোটের অধ্যাদেশের উদ্দেশ্য ইতিমধ্যে পূরণ হয়েছে, তাই এটি নতুন করে আইনে পরিণত করার প্রয়োজন নেই।

কিন্তু বিরোধী দল এ অবস্থান প্রত্যাখ্যান করে বলেছে, গণভোটের ফলাফল কার্যকর করা জরুরি এবং এটি বাতিলের কোনো সুযোগ নেই।

এদিকে যেসব অধ্যাদেশ সংসদে তোলা হবে, তার মধ্যে কয়েকটির সংশোধনী প্রস্তাব নিয়ে মতভেদ দেখা দিয়েছে।

মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশসহ অন্তত ১০ থেকে ১৫টি বিষয়ে বিরোধী সদস্যরা আপত্তি তুলে নোট অব ডিসেন্ট দিয়েছেন।

নেপালের নতুন সরকার শিক্ষাখাতে বড় ধরনের নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী বালেন শাহের নেতৃত্বে মন্ত্রিসভা স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক ছাত্র সংগঠন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা দুই মাসের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকার বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রাখতে বর্তমান ছাত্র রাজনীতির কাঠামো বিলুপ্ত করা হবে।

এর পরিবর্তে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে স্টুডেন্ট কাউন্সিল ও অংশগ্রহণমূলক নতুন প্ল্যাটফর্ম গঠনের পরিকল্পনা রয়েছে, যা ৯০ দিনের মধ্যে চালু করা হবে।

এছাড়া উচ্চশিক্ষায় অন্তর্ভুক্তি বাড়াতে স্নাতক পর্যায় পর্যন্ত ভর্তির ক্ষেত্রে নাগরিকত্ব সনদের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।

এতে প্রান্তিক ও নথিপত্রবিহীন শিক্ষার্থীরা বেশি সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা আনতে নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা ও ফল প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের আশা, এসব উদ্যোগে শিক্ষার পরিবেশ আরও স্থিতিশীল ও কার্যকর হবে।

নিউ এইজ পত্রিকার খবর- Corruption case backlog rises অর্থাৎ দুর্নীতি দমন কমিশন ক্রমবর্ধমান মামলার জটের চাপে পড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন আদালতে বর্তমানে ৮ হাজার ৩৩০টি দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে, যা ২০০৪ সালে কমিশন গঠনের পর থেকে জমে থাকা মামলার অংশ।

গত পাঁচ বছরে প্রতি বছর গড়ে প্রায় দুই হাজার করে নতুন মামলা যুক্ত হলেও নিষ্পত্তির হার কমে যাওয়ায় জট আরও বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাক্ষীদের অনুপস্থিতি এবং অভিযুক্তদের আইনি কৌশল, যেমন রিট আবেদন করে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা, এই জট বৃদ্ধির প্রধান কারণ।

মোট বিচারাধীন মামলার মধ্যে প্রায় ৩৩৫টি মামলা দুই দশক আগের, যা তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সময়ের।

এছাড়া উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে অন্তত ৪৮৪টি মামলার বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।

সব মিলিয়ে, ধীর বিচার প্রক্রিয়া এবং নানা প্রতিবন্ধকতার কারণে দুর্নীতি মামলার জট ক্রমেই বাড়ছে।

দেশ রূপান্তর পত্রিকার প্রধান খবর- টার্গেটে ওরা ১১৩ জন। খবরে বলা হয়েছে, ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের গ্রেপ্তার ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

২০০৭ সালে সেনাসমর্থিত সরকার প্রতিষ্ঠার পেছনে কারা ভূমিকা রেখেছিলেন, তাদের শনাক্ত করতেও তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো দেশ-বিদেশ থেকে তথ্য সংগ্রহ করছে এবং এখন পর্যন্ত ১১৩ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।

এই তালিকায় সাবেক সেনা কর্মকর্তা, আমলা, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্যরা রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।

বিদেশে অবস্থানরত সন্দেহভাজনদের বিষয়ে তথ্য পেতে পুলিশ ইন্টারপোলের সহায়তা চাইছে। এ বিষয়ে কিছু ব্যক্তির তথ্য চেয়ে ইতিমধ্যে চিঠিও পাঠানো হয়েছে।

টাইমস অফ বাংলাদেশের আজকের খবর- Ganges Water-Sharing Treaty: Urgent talks needed for climate-focused renewal অর্থাৎ গঙ্গা নদীর পানি ভাগাভাগি চুক্তি নবায়নের জন্য জরুরি আলোচনা প্রয়োজন।

চুক্তিটি আগামী নয় মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তবে এখনও নতুন আলোচনার শুরু হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, নবায়ন প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তনসহ পরিবেশগত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি, কারণ চুক্তি সই হওয়ার সময় এই সমস্যা তেমন গুরুত্বপূর্ণ ছিল না।

বর্তমান চুক্তি অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত গঙ্গার শুষ্ক মৌসুমের পানির বণ্টন নির্ধারণ করে।

ফারাক্কা ব্যারেজে ৪০ বছরের গড় পানির হিসাব অনুযায়ী ১০ দিনের চক্রে পানি ভাগ করা হয় এবং এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ সময়ে দুই দেশের সমান বণ্টন নিশ্চিত করা হয়।

যদিও সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ প্রত্যাশিত পরিমাণ পানি পাচ্ছে না, যা প্রধানত ভারতের বেড়ে যাওয়া পানি উত্তোলনের কারণে ফারাক্কার পানি কমে যাওয়ার ফল।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশের নদীগুলো শুষ্ক হয়ে যাচ্ছে এবং বালির প্রবাহ কমে নদীর তলদেশের অবনতি ঘটছে।- উৎস: বিবিসি বাংলা

আজকের পত্রিকা:

সম্পর্কিত খবর