আব্দুল কুদ্দুস ফরিদীর ইন্তেকালে মাহবুবুল হকের প্রতিক্রিয়া

মানবজাতির চিরন্তন সংবাদ

সোনার বাংলা অনলাইন ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫ ১৫:২১

সাংবাদিক, কবি, লেখক, অনুবাদক ও গ্রন্থপ্রণেতা আব্দুল কুদ্দুস ফরিদী

প্রবীণ সাংবাদিক, কবি, লেখক, অনুবাদক ও গ্রন্থপ্রণেতা আব্দুল কুদ্দুস ফরিদী(৭০)  রোববার ৭ই ডিসেম্বর, ২০২৫ সকালে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নিজ গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত রোববার  বাদ যোহর নিজ গ্রামের মসজিদে সালাতে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়েছে। তিনি দীর্ঘকাল মরহুম মওলানা মহিউদ্দিন খানের ‘মাসিক মদিনা’ ও ‘মুসলিম জাহান’ পত্রিকাসহ দৈনিক ‘নয়া দিগন্ত’ পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি নিজ গ্রামে ফিরে আসেন। অর্ধ শতাব্দীরও অধিককাল তিনি সংবাদপত্র জগতের সাথে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যের সৃজনশীল ও মননশীল উভয় শাখায় সক্রিয়ভাবে অবস্থান করে যথেষ্ট অবদান রাখার সৌভাগ্য অর্জন করেছেন। প্রাজ্ঞ ভাষাবিদ ও বিশিষ্ট বৈয়াকরণিক ছিলেন। বাংলা ভাষাকে শুদ্ধ ও পরিশুদ্ধ করার অতল সাধনায় ব্যাপৃত ছিলেন।

সাহিত্যজন হিসেবে বিপুলভাবে পরিচিত ছিলেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অনুষ্ঠিত সাহিত্য সভায় আগ্রহভরে বন্ধুবান্ধবসহ অংশগ্রহণ করে তরুণদের প্রেরণা যোগাতেন। ভাষা, সাহিত্য ও ইসলামী জ্ঞানে পণ্ডিত ছিলেন।

সাংবাদিকতা ও সাহিত্য ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সিএনসিসহ বেশ কিছু প্রতিষ্ঠান থেকে তিনি পদক ও পুরস্কার লাভ করেছেন। অবসর জীবনে অর্থসহ সালাত আদায়ের প্রশিক্ষক হিসেবে কাজ করার চেষ্টা করেছেন।

তিনি জীবনসঙ্গী,চার মেয়েসহ কয়েকজন নাতি-নাতনী ও অসংখ্য বন্ধুবান্ধব রেখে গেছেন। আমরা তাঁর পবিত্র আত্মা ও নফসের শান্তি কামনা করছি। তাঁর সম্পূর্ণ ও অসম্পূর্ণ কাজগুলিকে মহান আল্লাহ যাতে কবুল করেন, সেই প্রার্থনা করছি।

আমরা পরম করুণাময় মহান আল্লাহতালার দরবারে আরজি পেশ করছি, যেন তিনি তাঁর ও তাঁর পরিবার-পরিজনকে মমতাময় আশ্রয়ের চাদর দিয়ে ঢেকে রাখেন। ফি আমানিল্লাহ।

আব্দুল কুদ্দুস ফরিদীর ইন্তেকালে মাহবুবুল হকের প্রতিক্রিয়া