মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা ও দোয়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের


২৬ মার্চ ২০২৬ ২০:৩৭

স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
গত ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলীয় ও ১১ দলীয় ঐক্যের এমপি ও নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন তিনি।
এ সময় বিরোধীদলীয় নেতা মহান আল্লাহর দরবারে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।
বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও
কূটনীতিকদের সঙ্গে আমীরে জামায়াতের ঈদের শুভেচ্ছা বিনিময়
সোনার বাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে গত ২১ মার্চ ঈদুল ফিতরের দিন বেলা ১১টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মান, জাপান, কোরিয়া, ইতালি, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মিয়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, প্যালেস্টাইন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের কূটনীতিকবৃন্দ এবং ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে মেহমানদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়। এরপর রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে তিনি তাঁর সরকারি বাসভবনে বিকাল ৩টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন।
পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেলে রাজধানীর মিন্টো রোডে সকল শ্রেণি-পেশার নারীরা বিরোধীদলীয় নেতার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ এরং গাজীপুর মহানগর দায়িত্বশীলা ছাড়াও মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।