লালমনিরহাটে বিএসএফ সদস্য আটক , পতাকা বৈঠকের পর ফেরত
২৩ ডিসেম্বর ২০২৫ ০৯:০৮
মো: মফিদুল ইসলাম সরকার
লালমনিরহাটের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোরে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে এঘটনা ঘটে।
আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ, তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য।
স্থানীয়রা জানায়, ভারতীয় অর্জুন ক্যাম্পের ওই সদস্য রোববার ভোর রাতে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে অবৈধভাবে ঢুকে পড়েন। ওই বিএসএফ সদস্য এক বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলে বিজিবির একটি টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোর ৫টার দিকে আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ডাঙ্গাপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস এর কাছ দিয়ে একজন বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে ৫০-১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় টহলরত আঙ্গরপোতা বিওপির একটি নিয়মিত টহল দল তৎক্ষণাৎ তাকে আটক করে। আটক বিএসএফ সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গরু চোরাকারবারিদের পিছু নিয়ে আসার সময় কুয়াশার মধ্যে হারিয়ে গিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেন। পরবর্তীতে আটক বিএসএফ সদস্যকে ব্যক্তিগত অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদিসহ আঙ্গরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়।
বিজিবি জানায়, এ বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে দুঃখ প্রকাশ ও ভুল স্বীকার করে অনুপ্রবেশকৃত বিএসএফ সদস্যের পরিচয় ও ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং আটক বিএসএফ সদস্যকে তাদের কাছে ফেরত প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানায়। এ ঘটনায় বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ এবং আন্তর্জাতিক আইন যথাযথভাবে প্রক্রিয়া অনুসরণ করে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি। এছাড়া ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠকে তাকে ফেরত দিয়েছে।
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম-আঙ্গরপোতায় অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য বেদ প্রকাশকে আটক করে বিজিবিছবি: সংগৃহীতলালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য বেদ প্রকাশকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে তিনবিঘা করিডর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে রোববার ভোর পাঁচটার দিকে পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন এলাকায় সীমান্ত অতিক্রম করে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাঁকে আটক করেন ৫১ বিজিবি ব্যাটালিয়ন টহল দলের সদস্যরা। আটক ওই বিএসএফ সদস্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন।