আমার ছোট ভাইকে আল্লাহ সম্মানিত করুন
১২ এপ্রিল ২০২৬ ২১:২০
“এক ব্যাগ অফিসার” দারুণ আলোড়ন সৃষ্টিকারী একটি ছড়াগ্রন্থ। লেখক: ছড়াকার মানসুর মুজাম্মিল। বইটি যখন তার কাঁধের ব্যাগ থেকে বের করে আমার হাতে দেয়, শিরোনাম দেখেই চমকে উঠেছিলাম। তখন চলছিল দুর্নীতির মহোৎসব। সময়টি ছিল খুব উত্তাল। ৯০ দশকের শেষের দিকে সম্ভবত।
মানসুর মুজাম্মিল তাদেরই একজন, যাদেরকে আমরা পেয়েছিলাম আশির দশকে সাহিত্য আন্দোলনে নিরলস, নিবেদিত সাহিত্য কর্মী হিসেবে। লেখাপড়ার পাশাপাশি রাত দিন অক্লান্ত পরিশ্রম করতো আমাদের সাথে। অনেক মেধাবী এক ঝাঁক এ ধরনের নিরলস ও নিবেদিত কর্মী গড়ে উঠেছিল সেই সময়ে। তাদের মতো মেধাবীদের সমন্বয়ে ও পরিশ্রমে আশির দশকে সাহিত্যের বাঁক বদল সম্ভব হয়েছিল । সেটা ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত।
মানসুর মুজাম্মিল সেই প্রতিকূল সময়ের একজন অত্যন্ত মেধাবী ছড়াকার।
ব্যক্তিগত জীবনে সে খুবই কর্মচঞ্চল,রুচিশীল, পরিপাটি ও মার্জিত আচরণের ব্যক্তিত্বসম্পন্ন ছিল। তার অধিকাংশ ছড়া ছিল স্যাটায়ারধর্মী। সময়কে ধারন করতে পারতো যথাযথভাবে তার লেখার ভেতর। এটা ছিল তার বিশেষ কৃতিত্ব।
দীর্ঘদিন যাবত এই গুণী ছড়াকার কঠিন অসুস্থতার ভেতর জীবনকাল অতিবাহিত করেছে। তার সাথে সেই প্রথম দেখা-সাক্ষাৎ হবার পর থেকে হাসপাতালে যাবার আগ মুহূর্ত পর্যন্ত আমার মোটামুটি যোগাযোগ ছিল।
কষ্ট পাচ্ছি, ভীষণ কষ্ট পাচ্ছি। তার সেই হাসিভরামুখটি বারবার চোখের সামনে ভাসছে। আর বেদনায় আমি কেবলই তড়পাচ্ছি।
প্রাণপ্রিয়, অত্যন্ত স্নেহধন্য একান্ত ছোট ভাই মানসুর মুজাম্মিল আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের বিদায় জানালো…!
যেখানে গিয়েছো, ভালো থেকো মানসুর মুজাম্মিল। এখানকার চেয়ে আরো ভালো ,অনেক ভালো।
হে আল্লাহ! আমার ভাইটির ভুল ত্রুটি ক্ষমা করে তাকে সম্মানিত করুন। জান্নাত দান করুন।
আমীন।