সরকার জনগণের ওপর অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিলে পরিণতি শুভ হবে না – মিয়া গোলাম পরওয়ার


১ এপ্রিল ২০২৬ ১০:১৩

খুলনা সংবাদদাতা : নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, একই প্রক্রিয়ায় গণভোট ও সংসদ নির্বাচন আয়োজন করে একটিকে বৈধ আর অন্যটিকে অবৈধ বলা হচ্ছে, যা বিবেকবিরোধী ও প্রতারণার শামিল।
তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার দম্ভে সরকার যদি জনগণের ওপর অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, তবে তার পরিণতি শুভ হবে না। অতীতের উদাহরণ টেনে তিনি সতর্ক করেন, ‘কর্তৃত্ববাদী শাসকরা সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণকে দমন করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি- তাদের দেশ ছাড়তে হয়েছে।’
সরকারের প্রতি সরাসরি বার্তা দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের পূর্ণ দায় সরকারের। সংকট দীর্ঘায়িত হলে এর দায়ও সরকারকেই বহন করতে হবে।
তিনি আরও বলেন, দেশকে আর সংঘাতের দিকে ঠেলে দেবেন না, জনগণকে আবার রাজপথে নামতে বাধ্য করবেন না বলেন তিনি।
গত ২৮ মার্চ শনিবার খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীর খালিশপুর থানাধীন বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, জামায়াতের দাকোপ-বটিয়াঘাটা হিন্দু কমিটির সভাপতি বাবু কৃষ্ণ নন্দী।
মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, বিএল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবীর, মুনসুর আলম চৌধুরী, ব্যবসায়ী নেতা সিদ্দিকুর রহমান, মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান ও কাজী মাহফুজুর রহমান, খালিশপুর থানা সভাপতি মো. জাহিদুল ইসলাম, দৌলতপুর থানা সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ।
বিরোধীদল হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরে জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামী কোনো বিশৃঙ্খলা বা সন্ত্রাসের রাজনীতি সমর্থন করে না। তবে অন্যায় ও মন্দ কাজের বিরুদ্ধে তারা আপসহীন থাকবে।
তিনি বলেন, সৎকাজে সহযোগিতা করব, অন্যায়ের কঠোর প্রতিবাদ করবো। আগামী ২৯ তারিখে সংসদের অধিবেশন শুরুর প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেন, সংসদ যেন সংবিধান, আইন ও কার্যপ্রণালী বিধির বাইরে না যায়। অন্যথায় তা নতুন করে রাজনৈতিক সংকট উসকে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, তাদের সংসদীয় দল ইতোমধ্যে বৈঠক করে এমপিদের জন্য কৌশল নির্ধারণ করেছে।