কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ দোকানির পাশে জামায়াত
১ এপ্রিল ২০২৬ ১০:১১
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। গত ২৪ মার্চ মঙ্গলবার দিবাগত রাতের শেষ ভাগে এ ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ মালামালসহ ব্যবসায়ীদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। বাজারের পাহারাদার বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কটিয়াদী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিকলী ফায়ার সার্ভিসের একটি ইউনিটও যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ১৯ লাখ টাকা বলে ধারণা করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, আগের রাতের বৃষ্টি ও দমকা বাতাসের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা পাশের কোনো দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এবং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। এ সময় ইউনিয়ন সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি লোকমান হোসাইনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।