যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -এটিএম আজহারুল ইসলাম এমপি
১২ মার্চ ২০২৬ ১১:০১
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা : রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম অজহারুল ইসলাম বলেছেন, যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, মাদকের কারণে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে।
গত ৬ মার্চ শুক্রবার বিকেলে বদরগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে উপজেলা জামায়য়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মহান রাববুল আলামিন সিয়াম-সাধনের মাধ্যমে তাকওয়া এবং ধৈর্যের প্রশিক্ষণের জন্য পবিত্র রমজান মাস দিয়েছেন। সেই সাথে সমাজের গরিব মানুষসহ সকলের ঈদের খুশির শরিক ও কল্যাণ করার জন্য জাকাতভিত্তিক অর্থনীতির প্রচলন করেছেন এই মাসে। এর মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য ও ভীতি সৃষ্টি করে তাকওয়া অর্জন করতে তাগিদ দেয়া হয়। সমাজে জুলুম, ব্যভিচার, অন্যায় অত্যাচার থেকে নিজেদের বিরত রাখার প্রশিক্ষণ দেয়া হয় এ মাসেই।
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বদরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ শাহানুর ইসলাম, উপজেলা আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, যুব বিভাাগের উপজেলা সভাপতি উপাধ্যক্ষ মাসউদ হাসান রানাসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এটিএম আজহারুল ইসলাম এমপি উপস্থিত জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা রমজানের শিক্ষা নিয়ে সমাজের সকল অন্যায় অনাচার থেকে নিজেদের বিরত রাখি, সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। ইসলামের পথে জুলুম-অত্যাচার সহ্য করতে হবে। কষ্ট ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই তাকওয়ার মাধ্যমে এটা মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যারা ভোট দিয়েছেন বা যারা দেননি, আমি এখন সবার এমপি। এলাকার যেকোনো মানুষের কল্যাণে বৈধ কাজে আমি পাশে থাকবো, ইনশাআল্লাহ। তিনি বলেন, আমি মামলাবাজ না। অপরাধ না করলে রাজনৈতিক কারণে কারও বিরুদ্ধে আমরা অন্যায়ভাবে মামলা করবো না। আমার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন, তাদের বিরুদ্ধেও কোনো প্রতিশোধ নিইনি। তাদের বিচার আল্লাহই করবেন। এলাকায় কেউ চাঁদাবাজি করলে তাদের আইনের কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি।