দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেয়া হবে না : এটিএম আজহারুল ইসলাম
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৩
এনামুল হক, বদরগঞ্জ (রংপুর) : রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশে সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের মাধ্যমে শোষণ, দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) বদরগঞ্জ পৌরশহরের শাহাপুর মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দেখে একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার প্রার্থী ও নেতাকর্মীদের পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে এবং হুমকি প্রদান করছে, কিন্তু হুমকি-ধমকি ও আক্রমণ করে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা কে স্তব্ধ করা যাবে না।
তিনি আরও বলেন, জনগণ আর হুমকিতে ভয় পায় না। এই দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়ে সরকার গঠন করতে সহায়তা করবে, ইনশাআল্লাহ। আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে আমাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবো এবং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করবো, ইনশাআল্লাহ।
এটিএম আজহারুল ইসলাম দেশের হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ করে বলেন, জামায়াতে ইসলামী দেশের হিন্দু ধর্মাবলম্বীদের সাথে নিয়ে কাজ করতে চায় বলে হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে যাতে করে তারা নির্বাচিত হয়ে হিন্দুদের পক্ষে তাদের অধিকার আদায়ে কথা বলতে পারে। তাছাড়া দলীয় নেতাকর্মীদের প্রতিপক্ষ যদি কোনো ধরণের উসকানি দেয়, তাহলে এড়িয়ে চলার আহ্বান জানান যাতে করে নির্বাচনী শৃঙ্খলা বিনষ্ট না হয়।
নির্বাচনীয় জনসভায় আরো বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কামরুজ্জামান কবির, নায়েবে আমীর শাহ মো. রুস্তম আলী এবং সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ ১১ দলীয় জোটের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।