জামায়াত ক্ষমতায় গেলে সকল স্তরে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করবে -মাওলানা আবদুল হালিম


৬ নভেম্বর ২০২৫ ২০:৪৪

গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে যদি জনগণ ক্ষমতায় বসায়, তাহলে সর্বপ্রথম সমাজের সকল স্তরে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করবে। গত শুক্রবার (৩১ আগস্ট) গাইবান্ধার তিনটি নির্বাচনী এলাকার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আবদুল হালিম বলেন, দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ তারা ইসলামের পক্ষে আজকে জনমত গড়ে তুলেছেন, তার প্রমাণ দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষিত এবং এলিট ভোটাররাই ন্যায়-ইনসাফটি বেছে নিয়েছেন। তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতায় আসলে নারীদের সম্মানের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। আলেম-ওলামাকে সর্বোচ্চ সম্মান দেয়া হবে। এছাড়া অন্যান্য ধর্মের অনুসারী যারা, তাদেরও যথাযথ মর্যাদায় ভূষিত করা হবে। তিনি দায়িত্বশীলদের আগামী নির্বাচনে ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।
গাইবান্ধা নির্বাচনী এলাকা ১, ২ ও ৫-এর দায়িত্বশীল সমাবেশে তিনটি এলাকার নির্বাচন পরিচালকদের সভাপতিত্বে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথিদের বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম সরকার এবং প্রতিটি নির্বাচনী এলাকার নমিনী যথাক্রমে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি নমিনী মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ ও গাইবান্ধা-১ এর অধ্যাপক মাজেদুর রহমানসহ অন্য নেতারা।