চেয়ারম্যানের পদ ফিরে পেলেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ
৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫৩
শেরপুর (বগুড়া) সংবাদদাতা: উচ্চ আদালতের আদেশে স্বপদে ফিরেছেন বগুড়ার শেরপুরের শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ। গত রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় তিনি উচ্চ আদালতের আদেশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন এবং এদিনেই তিনি তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিসের কার্যক্রম শুরু করেন। স্বপদে ফিরে চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি ষড়যন্ত্রের শিকার, আমি কোনো দুর্নীতি করিনি, যা আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে। আমার দলের (জামায়াতের) ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য একটা মহল দীর্ঘদিন ধরেই ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি আরও বলেন, শাহবন্দেগী ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে কার্যালয়ের কোনো নিজস্ব জায়গা-জমি ছিল না আমি দায়িত্ব নেয়ার পর স্থায়ী ইউনিয়ন কার্যালয় নির্মাণের জন্য প্রায় অর্ধকোটি টাকারজমি ক্রয় করেছি এবং নিজস্ব ভবন নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।