কটিয়াদীতে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক, ন্যায্য দাম নিয়ে শঙ্কা


১২ নভেম্বর ২০২৬ ১০:৩১

মো. আশরাফুল ইসলাম সুমন, কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। কোথাও সারি সারি বাঁধাকপি ও ফুলকপির চারা, কোথাও শিম, মুলা, টমেটো ও মরিচের ক্ষেত। আবার কোথাও আলু রোপণের প্রস্তুতি চলছে। ভালো ফলনের আশায় জমি তৈরি, চারা রোপণ, সার প্রয়োগ ও পরিচর্যায় ব্যস্ত কৃষক। তবে মাঠজুড়ে কর্মচাঞ্চল্য থাকলেও উৎপাদিত সবজির ন্যায্য দাম পাওয়া নিয়ে তাদের মধ্যে রয়েছে শঙ্কা।
সম্প্রতি উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা যায়, শীতকালীন আগাম সবজি চাষে কৃষকদের ব্যাপক তৎপরতা। কেউ জমি থেকে আগাছা পরিষ্কার করছেন, কেউ গাছের গোড়ায় সার দিচ্ছেন, আবার কেউ সেচ ও পরিচর্যার কাজে ব্যস্ত রয়েছেন। অনুকূল আবহাওয়া থাকলে এবার ভালো ফলনের আশা করছেন তারা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ বিভিন্ন কৃষি উপকরণের ব্যয় বেড়েছে। ফলে ভালো ফলন হলেও বাজারে প্রত্যাশিত দাম না পেলে উৎপাদন খরচ উঠানো কঠিন হয়ে পড়বে। বিশেষ করে মৌসুমের শুরুতে সবজির দাম ভালো থাকলেও একসঙ্গে বেশি সবজি বাজারে উঠলে দাম কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
কটিয়াদী পৌর এলাকার বেথইর গ্রামের কৃষক হামিদ মিয়া জানান, তিনি ৪০ শতক জমিতে মরিচের আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়ার আশা করছেন। তার মতো উপজেলার অনেক কৃষক এবার বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করেছেন। তবে উৎপাদিত ফসলের বাজারমূল্যের ওপরই তাদের লাভ-লোকসান অনেকটা নির্ভর করছে।
উপজেলার পিপুলিয়া গ্রামের কৃষক গোলাম কিবরিয়া বলেন, ‘এবার ভালো ফলনের আশা করছি। কিন্তু বাজারে ন্যায্য দাম পাব কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। সার, তেলসহ অন্যান্য কৃষি উপকরণের দামও বেড়েছে। উৎপাদন খরচ বাদ দিয়ে কিছু লাভ না হলে কৃষিকাজ করে টিকে থাকা কঠিন।’
কৃষকদের মতে, সবজি উৎপাদনের পর দ্রুত বাজারজাত করা জরুরি। কারণ শাকসবজি পচনশীল কৃষিপণ্য। সময়মতো বিক্রি করতে না পারলে কিংবা বাজারে দাম কমে গেলে লোকসানের ঝুঁকি বাড়ে। এক্ষেত্রে স্থানীয় বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং কৃষকদের সরাসরি বাজারজাতকরণের সুযোগ বাড়ানো প্রয়োজন।
কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, উপজেলার কৃষকরা শীতকালীন আগাম সবজি চাষ শুরু করেছেন। বাজারে সবজির ভালো দাম থাকায় কৃষকরা আগাম সবজি চাষে আগ্রহী হচ্ছেন। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন, যাতে তারা সঠিক পদ্ধতিতে চাষাবাদ করে ভালো ফলন পেতে পারেন।
কৃষি সংশ্লিষ্টদের মতে, শীতকালীন সবজির উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারমূল্য না পেলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই কৃষকের স্বার্থ রক্ষায় উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কার্যকর সহায়তা এবং বাজারব্যবস্থাপনায় নজর দেওয়া প্রয়োজন। সব মিলিয়ে কটিয়াদীর মাঠে এখন শীতকালীন সবজির আবাদ ঘিরে কৃষকদের ব্যস্ততা বাড়ছে। তাদের প্রত্যাশা, প্রকৃতি অনুকূল থাকলে, ফলনও হবে ভালো। তবে সেই ফলনের প্রকৃত সুফল পেতে উৎপাদিত সবজির ন্যায্য দাম নিশ্চিত হবে কি না, এখন সেটিই তাদের বড় প্রশ্ন।