ত্যাগ ও কুরবানি থেকে শিক্ষা নিয়ে সম্ভাবনাকে কাজে লাগাতে হবে—হামিদুর রহমান আযাদ


১২ নভেম্বর ২০২৬ ১০:২৭

সিলেট সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, দীন প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের ত্যাগ ও কুরবানি থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এজন্য বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও সঠিক কর্মপন্থায় সামনে এগিয়ে যেতে হবে। সংগঠনের অগ্রযাত্রা ও লক্ষ্য অর্জনে সকল স্তরের দায়িত্বশীলদের মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও নবীজী সা.-এর আদর্শ ও ধর্মীয় অনুশাসন অনুসরণ করতে হবে। জামায়াতে ইসলামী শীর্ষনেতৃবৃন্দ থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীরা দীন প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ত্যাগ, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। তাদের এই ত্যাগ ও কুরবানি সংগঠনের জন্য বড় অনুপ্রেরণা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ের সুযোগ ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
গত ৬ নভেম্বর শুক্রবার সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ ও মজলিসে শূরার নির্বাচন উপলক্ষে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ আরও বলেন, সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবন, নৈতিকতা, জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতার মান বাড়াতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জনের পাশাপাশি দীনি জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির প্রতি যত্নবান হতে হবে। একটি আদর্শিক ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে দায়িত্বশীলদের নিজেদের যোগ্য করে গড়ে তোলার বিকল্প নেই।
সমাবেশে মহানগরীর নবনির্বাচিত আমীর মুহাম্মদ ফখরুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান।
সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি এডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। সমাবেশে মহানগরীর কর্মপরিষদ সদস্য, মজলিসে শূরা সদস্য ও রুকনগণ উপস্থিত ছিলেন।