মুসলিম ঐক্য ও জাগরণই ছিল আল্লামা ইকবালের চিন্তা ও দর্শন


১২ নভেম্বর ২০২৬ ১০:১১
॥ ফেরদৌস আহমদ ভূইয়া ॥
বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম দার্শনিক, কবি ও চিন্তাবিদ আল্লামা মুহাম্মদ ইকবাল ছিলেন আধুনিক চিন্তাজগতের এক প্রভাবশালী ব্যক্তিত্ব। তার দর্শন ও চিন্তার মূল ভিত্তি ছিল মানুষের আত্মপরিচয়, আত্মমর্যাদা, আত্মশক্তি এবং সৃজনশীল কর্মপ্রচেষ্টার বিকাশ। তিনি বলেছেন, মানুষের প্রকৃত পরিচয় কেবল তার শারীরিক অস্তিত্বে নয়; বরং তার চিন্তা-চেতনা, আত্মিক শক্তি ও কর্মের মধ্যেই নিহিত। তিনি বিশ্বাস করতেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন। তিনি মুসলমানদের ঐক্যের পাশাপাশি রাজনৈতিক জাগরণের কথাও বলেছেন। এ বিশ্বাসের প্রেক্ষিতেই ইকবাল ভারতের মুসলিমদের জন্য একটি আলাদা ও স্বাধীন রাষ্ট্রের চিন্তা করেন এবং পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্রটি প্রতিষ্ঠা লাভ করে।
ভারত তথা দক্ষিণ এশিয়ার মুসলিমদের জন্য আলাদা আবাসভূমি প্রতিষ্ঠার চিন্তাটা প্রথম করেন আল্লামা ইকবাল। তার চিন্তা ও দর্শনে প্রভাবিত হয়েই নিখিল ভারত মুসলিম লীগ দক্ষিণ এশিয়ায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরে। তারপর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ভারতে মুসলমানদের জন্য একটি আলাদা ভূখণ্ড পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানের পূর্ব অংশই তৎকালীন পূর্ব পাকিস্তান একসময়ের পূর্ব বাংলা আজকের মুসলিমদের নিরাপদ দেশ বাংলাদেশ। যার চিন্তা-চেতনার কারণে ভারতবর্ষের দুই প্রান্তে দুটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাষ্ট্রগুলোয় আল্লামা ইকবালের চিন্তা ও দর্শন নিয়ে গুরুত্ব দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তেমন কোনো সেমিনার-সিম্পোজিয়াম নেই বললেই চলে। অবশ্য পাকিস্তান আল্লামা ইকবালকে তাদের  জাতীয় কবি হিসেবে পাকিস্তানের চিন্তাবিদ হিসেবে অভিহিত করে সম্মানিত করে রেখেছে। পাকিস্তান ৯ নভেম্বর ইকবাল দিবস হিসেবে পালন করে। বাংলাদেশে আল্লামা ইকবালকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে কোনোরকমের উদ্যোগ নেয়া হয় না। বরং বাংলাদেশে মুসলিমদের জন্য প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলের নাম ছিল ইকবাল হল। ১৯৭২ সালে আওয়ামী লীগ সরকার ইকবাল হলের নামটি বাতিল করে এক মুক্তিযোদ্ধার নামে করা হয়।
লেখক : ফেরদৌস আহমদ ভূইয়া
আল্লামা মুহাম্মদ ইকবালকে বলা হয়, শায়র-ই-মাশরিক বা প্রাচ্যের কবি। তিনি অবিভক্ত ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ এবং পাকিস্তানের জাতীয় কবি। ১৮৭৭ সালের ৯ নভেম্বর ব্রিটিশ ভারত (বর্তমান পাকিস্তান) পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ নূর মুহাম্মদ এবং মাতা ইমাম বিবি। তার পরিবার ছিল ধার্মিক এবং তাদের পূর্বপুরুষরা কাশ্মীরি পণ্ডিত ছিলেন।
শিয়ালকোটের স্কটিশ মিশন কলেজে প্রাথমিক শিক্ষা শুরু করেন। লাহোর সরকারি কলেজ থেকে ১৮৯৯ সালে দর্শনশাস্ত্রে এম.এ ডিগ্রি অর্জন করেন। ১৯০৫ থেকে ১৯০৮ সাল পর্যন্ত ইউরোপে অবস্থান করেন। তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজ ও লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করেন এবং জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে ডক্টর অব ফিলোসফি (Ph.D) ডিগ্রি লাভ করেন। ইউরোপ থেকে ফিরে এসে তিনি লাহোরে আইন পেশা শুরু করেন এবং পাশাপাশি লাহোর সরকারি কলেজে দর্শন ও ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন। ১৯২৩ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইটহুড’ (Sir) উপাধিতে ভূষিত করে, এরপর থেকে তিনি স্যার মুহাম্মদ ইকবাল নামেও পরিচিত হন।
আল্লামা ইকবাল উর্দু ও ফার্সি ভাষায় উচ্চমানের কবিতা ও গদ্য রচনা করেছেন। তার বিখ্যাত দর্শন ছিল ‘খুদি’ বা আত্মোপলব্ধির দর্শন। তার উল্লেখযোগ্য গ্রন্থ ও কাব্যগ্রন্থগুলো হলো— ফার্সি কাব্য: আসরার-ই-খুদী (১৯১৫), রুমুজ-ই-বেখুদী (১৯১৮), পেয়াম-ই-মাশরিক (১৯২৩), জাবুর-ই-আজম, জাভেদ নামা। উর্দু কাব্য: বাং-ই-দারা (১৯২৪), বাল-ই-জিবরাইল, জর্ব-ই-কালিম, আরমাগান-ই-হিজাজ। এছাড়া তার বিখ্যাত উর্দু কবিতা ‘সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্থাঁ হামারা’ দেশপ্রেমের এক অনন্য নিদর্শন। গদ্য ও দর্শন: The Development of Metaphysics in Persia Ges The Reconstruction of Religious Thought in Islam.
তিনি ১৯২৭ সালে পাঞ্জাব লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। ১৯৩০ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে ঐতিহাসিক ভাষণে তিনি উত্তর-পশ্চিম ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্রের রূপরেখা তুলে ধরেন। তার এই স্বপ্ন ও চিন্তাধারা পরবর্তীতে পাকিস্তান আন্দোলনে গভীর প্রভাব ফেলে। দীর্ঘদিন গলার অসুস্থতায় ভুগে ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন এবং লাহোরেই তাকে সমাহিত করা হয়।
পাকিস্তানে আল্লামা মুহাম্মদ ইকবালকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়েছে। শুধু তাই নয়, তাকে পাকিস্তানের অন্যতম প্রধান জাতীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয় এবং দেশটির ইতিহাসে তার মর্যাদা অত্যন্ত সুউচ্চ। পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা হিসেবে আল্লামা ইকবালকে আনুষ্ঠানিকভাবে ‘মুফাক্কির-ই-পাকিস্তান’ তথা পাকিস্তানের চিন্তাবিদ বলা হয়।
 প্রতি বছর ৯ নভেম্বর আল্লামা ইকবালের জন্মদিনটি পাকিস্তানে ‘ইকবাল দিবস’ (Iqbal Day) হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয় এবং এই দিন দেশটিতে সরকারি ছুটি থাকে। লাহোরের ঐতিহাসিক বাদশাহী মসজিদের প্রবেশদ্বারের কাছে তার মাজার অবস্থিত, যেখানে সার্বক্ষণিক রাষ্ট্রীয় গার্ড মোতায়েন থাকে এবং বিশেষ দিনগুলোয় রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়। পাকিস্তানের বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সড়ক ও বিশ্ববিদ্যালয়ের নাম তার নামে রাখা হয়েছে। যেমন— আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর।
রাজনীতি ও পাকিস্তানের ধারণা
ভারতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি বা রাষ্ট্রের প্রথম তাত্ত্বিক বা বুদ্ধিবৃত্তিক চিন্তা করেছিলেন বিশিষ্ট কবি ও দার্শনিক কবি আল্লামা ইকবাল এবং ‘পাকিস্তান’ নামটি প্রথম প্রস্তাব করেছিলেন চৌধুরী রহমত আলী। ১৯৩০ সালের এলাহাবাদ অধিবেশনে তিনি প্রথম মুসলিমদের জন্য একটি পৃথক স্বাধীন রাষ্ট্রের রূপরেখা পেশ করেছিলেন, যা পরবর্তীতে পাকিস্তান সৃষ্টির ভিত্তি হিসেবে কাজ করে।
ইকবাল ১৯৩০ সালে এলাহাবাদে মুসলিম লীগের বার্ষিক সম্মিলনিতে ইঙ্গিত দিয়েছিলেন, মুসলিম জাতির ইতিহাস থেকে একটি শিক্ষা আমি পেয়েছি। ইতিহাসের যেকোনো সংকট মুহূর্তে ইসলামই বাঁচিয়ে দিয়েছে মুসলিম জাতিকে, মুসলিম জাতি ইসলামকে বাঁচায়নি। আজো যদি আপনারা ইসলামের প্রতি আপনাদের দৃষ্টি নিবন্ধ করেন এবং ইসলামে সমন্বিত চিরন্তন প্রাণ সঞ্চারি ধারণা থেকে অনুপ্রেরণা লাভ করার চেষ্টা করেন, তাহলে তার ফলে আপনারা কেবল আপনাদের বিচ্ছিন্ন শক্তিকেই পুনরায় সুসংবদ্ধ করবেন, আপনাদের হারানো বৈশিষ্ট্য পুনরুদ্ধার করতে পারবেন এবং তা দ্বারা আপনারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবার বিপদ সম্ভাবনা থেকে আত্নরক্ষা করতে পারবেন।
পুঁজিবাদ ও কমিউনিজম নিয়ে ইকবালের চিন্তা
বিশিষ্ট চিন্তাবিদ ফাহমিদ-উর রহমান ‘ইকবাল মননে অন্বেষণে’ গ্রন্থে কমিউনিজম অধ্যায়ের ৩১৩ পৃষ্ঠায় লিখেছেন, ইকবালের মতে পুঁজিবাদই জগৎজুড়ে যতরকম হানাহানি ও মানবিক সংকটের জন্য দায়ি এবং সমাজে জুলুম, বেইনসাফি ও নৈতিক স্খলনের পূর্বশর্ত তৈরি করেছে। ইকবাল তাই কামনা করেছেন মুসলমানরা খেটে খাওয়া মানুষের উপকারে সর্বতোভাবে অংশগ্রহণ করবে। তিনি তার সাকীনামা কবিতায় আশা করেছেন পুরোনো দিনের সামন্তবাদী রাজনীতির অবসান ঘটবে, পৃথিবীতে জমিদার ও রাজন্যবর্গের জুলুমের শেষ হবে।
কালের পুরনো চাল বাতিল হয়েছে
নতুন রাগিনী বাজে; সে বীণা ভেঙেছে।
পাশ্চাত্য-চাতুরী যত হয়েছে প্রকাশ,
সে— কাচ বিক্রেতাদল আজি হতাশ্বাস।
পুরাতন রাজনীতি ভেঙে চুরমার,
দুনিয়া চাহে না রাজা মহারাজা আর।
পুঁজিবাদ চলে গেল চিরকাল তরে,
খেলা শেষে বাজিকর ফিরে গেছে ঘরে।
চীনের গভীর ঘুম ভাঙিতেছে আজি,
হিমালয় জাগিতেছে প্রস্রবন রাজি।
সিনাই ও ফারানের অন্তর চিরিয়া-
আবার জাগিবে জ্যোতি মর্ম উজালিয়া।
ইকবালের এ গরিবদরদি মানবদরদি, পুঁজিবাদবিরোধী চিন্তা-ভাবনা ও লেখালেখি সম্পর্কে উইলফ্রেড কান্টওয়েল স্মিথ বলেছেন, সামাজিক ন্যায়বিচার ও জুলুমের বিরুদ্ধে লড়াইয়ে প্রতীকী অর্থে ইকবালকে একজন সমাজতন্ত্রী বলাই যায়। ইকবালের জীবদ্দশায় শামসুদ্দিন হাসান নামে এক ভারতীয় কমিউনিস্ট নেতা ১৯২৩ সালে জমিনদার পত্রিকায় একটি নিবন্ধে বলশেভিক চিন্তা ও ইকবালের দুটি কবিতার নাম উল্লেখ করে ইকবালকে শুধু কমিউনিস্টই নয়, কমিউনিজমের উঁচু পর্যায়ের একজন পুরোহিত অভিহিত করেন। এ নিবন্ধ প্রকাশিত হওয়ার পর আল্লামা ইকবাল পরদিনই একই পত্রিকায় তার নীতিগত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি মুসলমান এবং আমার বিশ্বাস যুক্তি প্রমাণাদির ওপর প্রতিষ্ঠিত যে, মানবগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যার সবচেয়ে উত্তম সমাধান আল-কুরআন পেশ করেছে। নাস্তিকতা অর্থে যে সমাজতন্ত্র বা কমিউনিজম সেটিকে ইকবাল প্রত্যাখ্যান করছেন। শুধু তাই নয়, পুঁজিবাদের মতোই নাস্তিকতাপুষ্ট সমাজতন্ত্রকে তিনি সমালোচনা করে বিশিষ্ট চিন্তাবিদ স্যার ফ্রানসিস ইয়ংহাসব্যান্ডকে লেখা এক চিঠিতে বলেছেন, ‘The present negative state of Russian mind will not last indefinitely for no system of society can rest on an atheistic basis.’  অর্থাৎ রুশ মানসিকতার বর্তমান নেতিবাচক রাষ্ট্রটি চিরস্থায়ী হবে না। কারণ কোনো সমাজব্যবস্থাই নাস্তিক্যবাদী ভিত্তির ওপর টিকে থাকতে পারে না।’ সর্বোপরি আল্লামা ইকবাল যেমন পুঁজিবাদকে সমর্থন করেননি, তেমনিভাবে কমিউনিজম ও সমাজতন্ত্রকেই প্রত্যাখ্যানই করেছেন। তিনি বলেছেন, মানবতার মুক্তি একমাত্র আল কুরআনের মাধ্যমেই হতে পারে।
ইকবালের দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা হলো ‘খুদি’ বা আত্মসত্তার বিকাশ। তার মতে, মানুষকে নিজের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা সম্পর্কে সচেতন হতে হবে। আত্মবিশ্বাস, সাহস, আত্মমর্যাদা এবং দায়িত্বশীল কর্মের মধ্য দিয়ে মানুষ তার ব্যক্তিত্বকে পূর্ণতা দিতে পারে। তিনি আত্মবিস্মৃত, পরনির্ভরশীল ও নিষ্ক্রিয় মানুষকে কখনো আদর্শ মানুষ হিসেবে বিবেচনা করেননি। তাঁর কাছে প্রকৃত মানুষ সেই ব্যক্তি, যিনি নিজের শক্তিতে বিশ্বাস করেন এবং নিজের কর্মের মাধ্যমে সমাজ ও পৃথিবীকে পরিবর্তন করতে সক্ষম হন।
ইকবাল শুধু ব্যক্তির আত্মশক্তির কথা বলেননি; তিনি মুসলিম উম্মাহর ঐক্য, সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও রাজনৈতিক জাগরণের কথাও বলেছেন। তাঁর চিন্তায় মানুষ কোনো নির্দিষ্ট জাতি, বর্ণ বা ভৌগোলিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তার রয়েছে সর্বজনীন মানবিক পরিচয়। একইসঙ্গে তিনি উপনিবেশবাদ, শোষণ, সাম্রাজ্যবাদ এবং মানুষের ওপর মানুষের আধিপত্যের বিরোধিতা করেছেন। তার চিন্তার প্রতিফলন আমরা দেখতে পাই তার মুসলিম লীগের সাথে সম্পৃক্ত হওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়া।
বিশিষ্ট গবেষক ও চিন্তাবিদ ফাহমিদ-উর-রহমান প্রণীত ‘ইকবাল মননে অন্বেষণে’ গ্রন্থের ৩২৯ পৃষ্ঠায় লিখেছেন, “ইকবাল যে ইসলামের কথা বলেছিলেন, তার মধ্যে ছিল আদি ইসলামের শুদ্ধতা এবং ইজতিহাদের মাধ্যমে অর্জিত সমসাময়িক চ্যালেঞ্জকে মোকাবিলা করার শক্তিসম্পন্ন এক ধর্ম। মুসলিম ঐক্যের কথা ইকবালের কবিতায় বারবার ফিরে এসেছে। তিনি মনে করতেন, উম্মা হচ্ছে একটি সর্বজনীন শক্তিশালী অস্তিত্ব এবং একে ভাগ করা মানে রাসূলের সা. উদ্দেশ্যকে ধ্বংস করা। জরব-ই- কলীমে তিনি ইঙ্গিত করেছেন আরব শাসকদের দলাদলি ও পারস্পরিক বিদ্বেষ ইসলামের ঐক্যকে ভূলুণ্ঠিত করেছে এবং রাসূলের সা. আদর্শকে বুড়ো আঙুল দেখিয়েছে—
অসন্তুষ্ট না হন যদি আরবের আমীরগণ
হিন্দের এ কাফের বান্দা দুঃসাহস দেখায়
দুটি কথা বলার :
প্রথম শেখানো হলো এ তত্ত্ব যাকে
কোন সে উম্মত
‘মুস্তফার ঐক্য ও আবু লাহাবের বিভেদ?
সীমানা ও সীমান্তে তার অস্তিত্ব নয়
মুস্তফার সাথেই সংযোগ আরব জাহানের।
সর্বজনীন মুসলিম ঐক্য ও মুসলমানদের জীবনে ইসলামী কানুনের প্রয়োগই ছিল ইকবালের চিন্তার শীর্ষবিন্দু। ”
 ইকবালের চিন্তায় ইসলাম ছিল একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন। তিনি ইসলামের মূল শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে মুসলিম সমাজকে জ্ঞান, বিজ্ঞান, যুক্তিবাদ, নৈতিকতা ও কর্মমুখী জীবনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করতেন, মুসলমানদের অতীত গৌরব নিয়ে আত্মতৃপ্ত হয়ে থাকলে চলবে না; বরং আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও চিন্তাচর্চায় নেতৃত্ব দিতে হবে। তার দর্শনে ধর্ম ও যুক্তির মধ্যে কোনো মৌলিক বিরোধ নেই। বরং বিশ্বাস, জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ের মধ্য দিয়েই মানুষের চিন্তাজগৎ সমৃদ্ধ হতে পারে।
ইকবালের দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গতিশীলতা ও পরিবর্তনশীলতা। তিনি স্থবিরতা, অন্ধ অনুকরণ এবং চিন্তার জড়তাকে সমাজের অগ্রগতির অন্তরায় মনে করতেন। তার মতে, জীবন একটি চলমান সৃজনশীল প্রক্রিয়া। তাই ব্যক্তি ও সমাজকে সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের চিন্তা, কর্ম ও প্রতিষ্ঠানকে বিকশিত করতে হবে। তিনি ইজতিহাদের ওপর গুরুত্ব দিয়ে মুসলিম সমাজে নতুন চিন্তা ও সৃজনশীল ব্যাখ্যার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
ইকবালের দর্শন মূলত আত্মজাগরণ, আত্মমর্যাদা, জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মানবমুক্তির দর্শন। তিনি মানুষকে নিজের শক্তি চিনতে, চিন্তার স্বাধীনতা অর্জন করতে এবং কর্মের মাধ্যমে নিজের ভাগ্য নির্মাণ করতে উদ্বুদ্ধ করেছেন। তার দর্শনের সবচেয়ে বড় শিক্ষা হলো কোনো জাতির উন্নতি কেবল অতীত ঐতিহ্যের ওপর নির্ভর করে না; বরং আত্মবিশ্বাস, জ্ঞান, নৈতিকতা ও সৃজনশীল কর্মের মধ্য দিয়েই একটি জাতি তার ভবিষ্যৎ নির্মাণ করতে পারে।
গত ৯ নভেম্বর ছিল আল্লামা মুহাম্মদ ইকবালের জন্মদিবস। এ দিনটিতে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়নি। সাম্প্রতিক বছরগুলোয় কয়েকটি সামাজিক ও সাাহিত্যিক সংগঠন ইকবালকে নিয়ে এক দুটি সেমিনার করে থাকে। এর চেয়ে বেশি কিছু করা হচ্ছে না। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইকবাল হল ছিল, সেটিও আজ তার নামে নেই। তাই আজ দাবি উঠেছে ইকবাল হলের নামটি পুনর্বহাল করা হোক।
শুধু বাংলাদেশ ও পাকিস্তানের জনগণ নয়, মুসলমানদের জাগরণ ও ঐক্যের যে আলোকবর্তিকা ইকবাল জ্বেলে দিয়ে গেছেন, তা থেকে শিক্ষা নিয়ে আমাদের জাগতে হবে। ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছেন, ‘যে সমাজে গুণীর কদর নেই, সে সমাজে গুণী জন্মায় না।’ তাই  ইকবালের চিন্তা ও দর্শনকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেমিনার সিম্পোজিয়াম করে তাকে জানতে হবে। আমাদের তরুণ প্রজন্মকেও তাকে চিনাতে হবে তখনই জাতি হিসেবে আমরা সমৃদ্ধ হতে পারব। অতএব তার চিন্তা ও দর্শন থেকে শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে।
লেখক : বার্তা সম্পাদক, সাপ্তাহিক সোনার বাংলা।
ই-মেইল : ferdous.ab@gmail.com