বিএনপি চলে কার ইশারায়?

মতিউর রহমান আকন্দ
১২ নভেম্বর ২০২৬ ০৯:৩৭

লেখক: অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন করে সামনে এসেছে— বিএনপি চলে কার ইশারায়? কার নির্দেশে? কোন রাজনৈতিক অভিপ্রায় ও স্বার্থকে সামনে রেখে দলটি তার বর্তমান রাজনৈতিক বক্তব্য ও কর্মকৌশল নির্ধারণ করছে?
প্রশ্নটি হঠাৎ করে উত্থাপিত হয়নি। সাম্প্রতিক সময়ে বিএনপির কিছু নেতা বিরোধী রাজনৈতিক দল ও নেতৃত্বকে লক্ষ করে যেসব বক্তব্য দিচ্ছেন, তার মধ্যে অসত্য, বিভ্রান্তিকর, মনগড়া ও অপ্রাসঙ্গিক তথ্যের ব্যবহার জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গণতন্ত্রের স্বাভাবিক অনুষঙ্গ। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার নামে তথ্য বিকৃতি, ভিত্তিহীন অভিযোগ এবং কল্পনাপ্রসূত কাহিনী প্রচার কোনো দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক হতে পারে না।
স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে, এসব বক্তব্যের মাধ্যমে বিএনপি কী অর্জন করতে চায়? বিরোধী রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার পরিবর্তে তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর প্রয়োজন কেন দেখা দিচ্ছে? এসব বক্তব্য কি দলটির নিজস্ব রাজনৈতিক চিন্তা ও কৌশলের প্রতিফলন, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক হিসাব-নিকাশ, প্রভাব কিংবা নির্দেশনার ভূমিকা রয়েছে? কার ইঙ্গিতে, কার স্বার্থে এবং কোন লক্ষ্য সামনে রেখে এই বক্তব্য ও প্রচারণা পরিচালিত হচ্ছে— জনগণ তার জবাব জানতে চায়।
এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধান করতে হলে বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ফিরে তাকাতে হবে দলটির জন্ম, রাজনৈতিক উত্থান, সাংগঠনিক বিকাশ এবং রাষ্ট্রক্ষমতার সঙ্গে তার সম্পর্কের ঐতিহাসিক ধারাবাহিকতার দিকে। বিএনপির জন্ম বাংলাদেশের প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মতো দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, গণসংগঠন কিংবা নির্বাচনী সংগ্রামের ধারাবাহিকতায় ঘটেনি।
২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস বুঝতে হলে প্রথমেই ফিরে যেতে হবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, সাংবিধানিক পরিবর্তন, সামরিক অভ্যুত্থান এবং ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে বাংলাদেশ এক জটিল রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়। এই অস্থির সময়ের ধারাবাহিকতায় মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর রাষ্ট্রীয় ক্ষমতায় ধারাবাহিক পরিবর্তন ঘটে। খন্দকার মোশতাক আহমদের সরকার, ৩ নভেম্বরের অভ্যুত্থান, ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান এবং পরবর্তী সামরিক প্রশাসনের ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে। ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের পর জিয়াউর রহমানের ক্ষমতার অবস্থান সুসংহত হতে থাকে। পরবর্তী সময়ে তিনি সামরিক প্রশাসনের প্রধান কর্তৃত্বশালী ব্যক্তি হিসেবে আবির্ভূত হন এবং ১৯৭৭ সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এই পর্যায়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। জিয়াউর রহমান উপলব্ধি করেন, সামরিক ও প্রশাসনিক কর্তৃত্বের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার জন্য একটি রাজনৈতিক ভিত্তি এবং জনসমর্থনের কাঠামো প্রয়োজন। সেই রাজনৈতিক ভিত্তি নির্মাণের ধারাবাহিকতায় প্রথমে ১৯৭৭ সালের ২২ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল—জাগদল গঠিত হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দল, মত ও পটভূমির ব্যক্তিদের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে যায়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এভাবেই সামরিক প্রশাসনের অধীনে রাষ্ট্রক্ষমতায় থাকা একজন শাসকের নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটে।
এখানে বিএনপি প্রতিষ্ঠার একটি মৌলিক ঐতিহাসিক বৈশিষ্ট্য লক্ষণীয়: দলটি প্রথমে দীর্ঘদিনের বিরোধী রাজনৈতিক আন্দোলন কিংবা জনভিত্তিক গণসংগঠনের ধারাবাহিকতায় রাষ্ট্রক্ষমতায় আসেনি; বরং রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত নেতৃত্বের উদ্যোগে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।
বিএনপির সাংগঠনিক ভিত্তি নির্মাণের ক্ষেত্রে জিয়াউর রহমান কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অনুসারীদের নিয়ে দল গঠন করেননি; বরং বামপন্থী, ডানপন্থী, জাতীয়তাবাদী, মুসলিম লীগ, ন্যাপসহ বিভিন্ন রাজনৈতিক ধারার নেতা ও কর্মীদের একত্রিত করার উদ্যোগ নেন।
বিএনপি প্রতিষ্ঠার মাত্র কয়েক মাস পর ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি ৩০০টি আসনের মধ্যে ২০৭টি আসন লাভ করে।
তবে এই নির্বাচনের রাজনৈতিক পরিবেশ ও গ্রহণযোগ্যতা নিয়ে ঐতিহাসিক বিতর্ক রয়েছে। সামরিক আইন বহাল থাকা অবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং ১৯৭৯ সালের ৯ এপ্রিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস বিশ্লেষণ করলে কয়েকটি বিষয় সামনে আসে।
প্রথমত, দলটির জন্ম হয়েছিল সামরিক শাসনের রাজনৈতিক বাস্তবতায়।
দ্বিতীয়ত, দলটির সাংগঠনিক ভিত্তি গড়ে উঠেছিল বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের নেতাকর্মীদের সমন্বয়ে।
তৃতীয়ত, রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত জিয়াউর রহমানের ব্যক্তিগত নেতৃত্ব, প্রশাসনিক প্রভাব এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দলটির প্রাথমিক বিকাশে ভূমিকা রেখেছিল।
চতুর্থত, প্রতিষ্ঠার পর নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে বিএনপি নিজস্ব জনসমর্থন ও সাংগঠনিক পরিচিতি তৈরি করে।
৩
তৃণমূল পর্যায় থেকে বিকশিত হয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দলের কার্যক্রম, জনসম্পৃক্ততা, সাংগঠনিক সংস্কৃতি এবং রাজনৈতিক মনস্তত্ত্বের সঙ্গে রাষ্ট্রক্ষমতাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত ও বিকশিত একটি রাজনৈতিক দলের মৌলিক পার্থক্য রয়েছে। যে রাজনৈতিক দল জনগণের মধ্য থেকে, জনগণের দাবি-দাওয়া, অধিকার আদায়ের সংগ্রাম এবং দীর্ঘ সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিকশিত হয়, সেই দলের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে সাধারণত জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক, জনদুর্ভোগ উপলব্ধি এবং তৃণমূলের প্রতি দায়বদ্ধতার একটি স্বাভাবিক প্রবণতা গড়ে ওঠে।
অন্যদিকে বিএনপির রাজনৈতিক উত্থান ও সাংগঠনিক বিকাশের প্রেক্ষাপট ছিল ভিন্ন। দলটি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থাকা অবস্থায় প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী সময়ে রাষ্ট্রক্ষমতাকে কেন্দ্র করেই এর রাজনৈতিক ও সাংগঠনিক বিস্তার ঘটে। বিভিন্ন রাজনৈতিক দল, মত ও আদর্শের নেতাকর্মীদের সমন্বয়ে দলটির সাংগঠনিক ভিত্তি গড়ে ওঠে। ফলে তৃণমূল থেকে ধারাবাহিক সংগ্রাম ও জনসম্পৃক্ততার মধ্য দিয়ে বিকশিত রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির সাংগঠনিক মনস্তত্ত্ব ও রাজনৈতিক সংস্কৃতির একটি মৌলিক পার্থক্য তৈরি হয়েছে।
এর প্রভাব দলটির রাজনৈতিক মনোভাব, নেতৃত্বের আচরণ, কর্মসূচি প্রণয়ন, সাংগঠনিক চর্চা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে তৃণমূলের মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা, সংকট ও অধিকার আদায়ের প্রশ্নে জনগণের সঙ্গে যে নিবিড় সম্পর্ক একটি তৃণমূলভিত্তিক রাজনৈতিক দলের স্বাভাবিক বৈশিষ্ট্য হওয়ার কথা, বিএনপির ক্ষেত্রে ঐতিহাসিকভাবে সেখানে একটি দূরত্ব পরিলক্ষিত হয়েছে। রাজনৈতিক বাস্তবতা ও ক্ষমতার পালাবদল ঘটলেও সেই দূরত্ব পুরোপুরি ঘুচেছে— এমনটি বলা কঠিন। বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতায়ও সেই ব্যবধানের অস্তিত্ব অনুভূত হচ্ছে।
এখানে মূল পার্থক্যটি হলো— একটি দল জনগণের মধ্য থেকে নেতৃত্ব তৈরি করে, আরেকটি দল রাষ্ট্রক্ষমতার বলয় থেকে নেতৃত্ব ও সাংগঠনিক বিস্তার লাভ করে। এই দুই ধারার রাজনৈতিক বিকাশের মনস্তত্ত্ব, জনসম্পৃক্ততার ধরন এবং রাজনৈতিক আচরণ স্বাভাবিকভাবেই এক রকম হওয়ার কথা নয়।
বিএনপির প্রতিষ্ঠাকালীন চরিত্রের একটি উল্লেখযোগ্য দিক ছিল বিপরীতধর্মী রাজনৈতিক মতাদর্শের মানুষের একই নেতৃত্বের অধীনে অবস্থান।
একদিকে ন্যাপ (ভাসানী) ও ইউনাইটেড পিপলস পার্টির মতো বামঘেঁষা রাজনৈতিক ধারার ব্যক্তিরা যুক্ত হয়েছিলেন; অন্যদিকে মুসলিম লীগসহ ডানপন্থী ও ধর্মীয় রাজনৈতিক ধারার ব্যক্তিরাও বিএনপিতে অংশগ্রহণ করেন।
ফলে একই দলের মধ্যে সমাজতান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাসী ব্যক্তি, জাতীয়তাবাদী রাজনীতির অনুসারী, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী নেতা এবং উদার গণতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তিত্বের সমাবেশ ঘটে।
এ ধরনের সমন্বয় রাজনৈতিকভাবে একটি বিস্তৃত পরিসর তৈরি করলেও আদর্শিক ঐক্যের ক্ষেত্রে কিছু জটিলতাও সৃষ্টি করে। কারণ অর্থনীতি, রাষ্ট্রের ভূমিকা, ধর্ম ও রাজনীতির সম্পর্ক এবং সামাজিক পরিবর্তনের প্রশ্নে এসব গোষ্ঠীর চিন্তায় মৌলিক পার্থক্য ছিল।
বিএনপির প্রতিষ্ঠাকালীন ঐক্যের ভিত্তি ছিল আংশিকভাবে আদর্শিক এবং আংশিকভাবে রাজনৈতিক ও ক্ষমতাকেন্দ্রিক স্বার্থের সমন্বয়।
এ ধরনের ঐক্যের ক্ষেত্রে কিছু জটিলতাও সৃষ্টি হয়। কারণ অর্থনীতি, রাষ্ট্রের ভূমিকা, ধর্ম ও রাজনীতির সম্পর্ক এবং সামাজিক পরিবর্তনের প্রশ্নে এসব গোষ্ঠীর চিন্তায় মৌলিক পার্থক্য ছিল।
৪
বিএনপির বহুমাত্রিক রাজনৈতিক ভিত্তিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে জিয়াউর রহমানের ব্যক্তিগত নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিভিন্ন রাজনৈতিক পটভূমি থেকে আসা নেতাদের মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের কর্তৃত্বের মাধ্যমে দলীয় ঐক্য বজায় রাখা হয়েছিল।
দলের অভ্যন্তরে মতাদর্শিক বৈচিত্র্য থাকলেও নেতৃত্বের কেন্দ্র ছিল একজন ব্যক্তিকে ঘিরে। ফলে বিএনপির সাংগঠনিক ঐক্য অনেকাংশে প্রতিষ্ঠাতা নেতৃত্বের ব্যক্তিগত কর্তৃত্ব ও রাজনৈতিক সমন্বয়ক্ষমতার ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির অভ্যন্তরীণ মতপার্থক্য ও নেতৃত্বের দ্বন্দ্ব দৃশ্যমান হয়ে ওঠে।
প্রতিষ্ঠাতা নেতৃত্বের ব্যক্তিগত কর্তৃত্বের মধ্যে যেসব রাজনৈতিক গোষ্ঠী একত্রে অবস্থান করেছিল, তার অনুপস্থিতিতে তাদের মধ্যে নেতৃত্ব, প্রভাব ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ দেখা দেয়। বিচারপতি আবদুস সাত্তারের পক্ষে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নতুন রাজনৈতিক পর্যায়ে প্রবেশ করে। বিশেষত এরশাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে দলটি রাষ্ট্রক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক কাঠামো থেকে বিরোধী আন্দোলনের একটি প্রধান শক্তিতে রূপান্তরিত হয়।
৫
১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ আট বছর বেগম খালেদা জিয়া রাজপথের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপিকে একটি সুসংগঠিত, আন্দোলনমুখী ও জনসম্পৃক্ত রাজনৈতিক দলে রূপান্তরিত করেছিলেন। সারা দেশে দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা, ধারাবাহিক আন্দোলনমুখী কর্মসূচি প্রদান এবং বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তিনি নিজেকে একজন আপসহীন ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতাই তাকে দলীয় নেতৃত্বের সীমা অতিক্রম করে জাতীয় পর্যায়ে ‘দেশনেত্রী’ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল।
১৯৯১ সালের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়। জামায়াতে ইসলামীর সংসদীয় সমর্থন ও সহযোগিতায় সরকার গঠন করে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ফলে বিএনপির রাজনৈতিক অভিজ্ঞতায় একটি গুরুত্বপূর্ণ সমন্বয় তৈরি হয়েছিল— একদিকে রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে উঠে আসা নেতৃত্ব; অন্যদিকে রাষ্ট্র পরিচালনার প্রত্যক্ষ অভিজ্ঞতা। এই দুই অভিজ্ঞতার সম্মিলন বিএনপির রাজনৈতিক চরিত্রকে একটি বিশেষ মাত্রা দিয়েছিল।
পরবর্তী সময়ে সংসদীয় রাজনীতিতে বিরোধীদলের ভূমিকা, সরকারবিরোধী আন্দোলন, ২০০১ সালে পুনরায় নির্বাচিত হয়ে চারদলীয় জোটের নেতৃত্বে সরকার পরিচালনা এবং পরবর্তী রাজনৈতিক সংকট— সবকিছুই বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও রাজনৈতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। ওয়ান-ইলেভেনের রাজনৈতিক পটপরিবর্তন, দীর্ঘ সময়ের রাজনৈতিক প্রতিকূলতা এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন তার নেতৃত্বকে আরও বহুমাত্রিক অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যায়।
এই দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রার মধ্যদিয়ে বেগম খালেদা জিয়া শুধু একটি দলের প্রধান হিসেবে নয়, বরং একটি স্বতন্ত্র রাজনৈতিক ব্যক্তিত্ব ও জাতীয় নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তার নেতৃত্বে বিএনপির মধ্যে রাজপথের আন্দোলন, সাংগঠনিক শৃঙ্খলা, রাজনৈতিক সমঝোতা, জোট পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার একটি সম্মিলিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছিল। কিন্তু তার অনুপস্থিতিতে বর্তমান বিএনপির রাজনৈতিক আচরণ, নেতৃত্বের ভাষা এবং ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক অবস্থানের মধ্যে এমন কিছু পরিবর্তন দৃশ্যমান হচ্ছে, যা দলটির অতীত রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণের দাবি রাখে।
বিশেষ করে সরকার গঠনের পর বর্তমান বিএনপির নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য ও বিরোধী রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আচরণের ধরন নিয়ে জনপরিসরে নতুন আলোচনা তৈরি হয়েছে। বর্তমান নেতৃত্বের কিছু বক্তব্য ও আচরণ অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির রাজনৈতিক ভাষা ও রীতিনীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেই প্রশ্নটি এখন উপেক্ষা করার সুযোগ নেই।
তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— এটি কি সেই বিএনপি, যে বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বতন্ত্র রাজনৈতিক চরিত্র অর্জন করেছিল? বেগম খালেদা জিয়া যে আদর্শিক অবস্থান, রাজনৈতিক সংস্কৃতি, সাংগঠনিক ঐতিহ্য এবং জনসম্পৃক্ততার ভিত্তি রেখে গেছেন, বর্তমান বিএনপি কি সেই ধারাবাহিকতা রক্ষা করছে? নাকি দলটি সেই ঐতিহ্য থেকে সরে এসে সম্পূর্ণ ভিন্ন একটি রাজনৈতিক ধারায় অগ্রসর হচ্ছে?
৬
জনগণের যে সেন্টিমেন্ট, প্রত্যাশা ও সমর্থনকে পুঁজি করে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, দলটির সাম্প্রতিক অবস্থান ও সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই জনআকাঙ্ক্ষা এবং রাজনৈতিক কমিটমেন্ট থেকে ক্রমেই দূরে সরে যাওয়ার প্রবণতা দৃশ্যমান হচ্ছে। বাস্তবতা হচ্ছে, এ দেশের মানুষ দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। ফ্যাসিবাদী শাসন ও কর্তৃত্ববাদী ব্যবস্থার কবল থেকে মুক্ত হওয়ার পর জনগণের প্রধান প্রত্যাশা ছিল রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার এবং ফ্যাসিবাদী ব্যবস্থার স্থায়ী পরিবর্তন। মানুষ কেবল সরকার পরিবর্তন চায়নি; চেয়েছিল রাষ্ট্র পরিচালনার বিদ্যমান কাঠামো, ক্ষমতার অপব্যবহারের সুযোগ এবং স্বৈরতান্ত্রিক প্রবণতার অবসান।
জনগণের সেই আকাঙ্ক্ষারই প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক প্রতিফলন ঘটেছিল জুলাই সনদের মধ্যে। দেশের রাজনৈতিক দলগুলো দীর্ঘ ২৭০ দিনব্যাপী আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে। প্রতিদিনের আলোচনা শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোর ব্রিফিং ও বক্তব্যের মাধ্যমে জাতির সামনে যে বার্তা পৌঁছেছিল, তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ— বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের মূল ভিত্তি ও সম্মিলিত রাজনৈতিক অঙ্গীকার হিসেবে সামনে এসেছিল জুলাই সনদ।
পরবর্তী সময়ে গণভোটের মাধ্যমে জনগণ এই সনদের প্রতি তাদের সমর্থন ও সম্মতি ব্যক্ত করেছে। প্রায় ৭০ শতাংশ ভোটের সমর্থনকে সনদের পক্ষে জনমতের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সমর্থনের তাৎপর্য কেবল কোনো একটি রাজনৈতিক দল বা জোটের ভোটের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে বিএনপির ভোটার রয়েছেন, জামায়াতের ভোটার রয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক রয়েছেন; পাশাপাশি রয়েছেন দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকা সাধারণ নাগরিকরাও। অর্থাৎ জুলাই সনদকে কেন্দ্র করে যে জনসমর্থন প্রকাশিত হয়েছে, তা ছিল বহুদলীয় রাজনৈতিক পরিসর অতিক্রম করে রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের প্রশ্নে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।
সুতরাং সেই সনদ থেকে বিচ্যুত হওয়ার অর্থ শুধু একটি রাজনৈতিক সমঝোতা থেকে সরে আসা নয়; বরং গণভোটে সমর্থন প্রদানকারী বিপুলসংখ্যক নাগরিকের প্রত্যাশা ও রায়ের সঙ্গে দূরত্ব তৈরি করা। বিএনপির বর্তমান অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যে প্রশ্নটি সামনে এসেছে, তার গুরুত্ব এখানেই। একটি দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারে; কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠতা তাকে জনগণের বৃহত্তর আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে প্রদত্ত সম্মিলিত রায় উপেক্ষা করার স্বয়ংক্রিয় অধিকার দেয় না।
এখানেই বিএনপির সামনে একটি মৌলিক রাজনৈতিক ও নৈতিক প্রশ্ন এসে দাঁড়িয়েছে— বিএনপি কি জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও ম্যান্ডেটের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছে, নাকি এমন কোনো স্বার্থ ও হিসাব-নিকাশকে প্রাধান্য দিচ্ছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নয়?
এই প্রশ্নের চূড়ান্ত উত্তর অবশ্যই বিএনপির রাজনৈতিক ভূমিকা, সংসদীয় আচরণ, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অবস্থানের মধ্য দিয়েই স্পষ্ট হবে। কারণ রাজনৈতিক দলগুলোর প্রকৃত পরিচয় শুধু নির্বাচনী প্রতিশ্রুতি কিংবা ক্ষমতায় আরোহণের মধ্য দিয়ে নির্ধারিত হয় না; বরং জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার রক্ষা এবং জাতীয় সংকটের মুহূর্তে তাদের অবস্থানের মধ্য দিয়েই সেই পরিচয়ের প্রকৃত মূল্যায়ন হয়।
বিএনপির সাম্প্রতিক আচরণ, আচার-আচরণ, রাষ্ট্র পরিচালনায় তাদের ভূমিকা এবং বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে তাদের অবস্থান জনগণের সামনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন উত্থাপন করেছে। জনগণের প্রত্যাশা, আন্দোলন-সংগ্রামের অঙ্গীকার এবং ক্ষমতায় আসার আগে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিএনপির বর্তমান অবস্থানের যে দূরত্ব তৈরি হচ্ছে, তা দলটির রাজনৈতিক কমিটমেন্ট থেকে প্রত্যাবর্তনের ইঙ্গিত বহন করে।
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— বিএনপি কেন জনগণের প্রত্যাশা থেকে দূরে সরে যাওয়ার পথ বেছে নিচ্ছে? কার নির্দেশে, কার ইশারায় কিংবা কোন রাজনৈতিক হিসাব-নিকাশের ভিত্তিতে তারা তাদের পূর্বঘোষিত অবস্থান থেকে সরে আসছে? এই সিদ্ধান্তের পেছনে কী রাজনৈতিক সমীকরণ কাজ করছে, সেটিও এখন আলোচনার বিষয়।
বস্তুত রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক আচরণ, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং জুলাই সনদের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অঙ্গীকারের প্রশ্নে বিএনপির অবস্থান কেবল তাদের দলীয় রাজনীতির বিষয় নয়; এটি দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোর সঙ্গেও সম্পর্কিত। ফলে বিএনপির এই অবস্থান জনগণের মধ্যে দলটির সঙ্গে রাজনৈতিক দূরত্ব আরও বাড়াতে পারে। সবচেয়ে বড় কথা, জনগণের প্রত্যাশা থেকে বিচ্যুতির রাজনৈতিক মূল্য একসময় দলটিকেই বহন করতে হবে।
লেখক : আইনজীবী ও কলামিস্ট।

মতিউর রহমান আকন্দ

সংগঠন সংবাদ
১২ নভেম্বর ২০২৬ ১০:৩০

সম্পর্কিত খবর