টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে সংঘর্ষে সেনাসদস্য নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জামায়াতের


৬ নভেম্বর ২০২৬ ১৮:৪৩

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে সংঘর্ষে সেনাসদস্য নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ, মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আজ ৬ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ৫ নভেম্বর বিকালে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহত হওয়ার ঘটনায় আমরা গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে একজন সাহসী সেনাসদস্যের আত্মত্যাগ অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের জানমালের সুরক্ষায় নিয়োজিত একজন সেনাসদস্যের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি নিহতের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহত ও উদ্ধারকৃত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, মানবপাচার একটি জঘন্য অপরাধ। সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে নিরীহ মানুষকে জিম্মি করে অবৈধভাবে বিদেশে পাচারের অপচেষ্টা চালিয়ে আসছে। এ ধরনের অপরাধী চক্র দেশের আইনশৃঙ্খলা ও মানবিক মর্যাদার জন্য মারাত্মক হুমকি। তাই মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। উদ্ধারকৃত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচারের নেপথ্যে থাকা গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, দেশের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে মানবপাচারকারী ও সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আমি আশা করি, সরকার মানবপাচার ও সন্ত্রাসবাদ নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করবে এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।