হাম ও ডেঙ্গুতে জনস্বাস্থ্য বিপর্যস্ত আতঙ্ক বাড়ছে দেশজুড়ে


২৯ অক্টোবর ২০২৬ ১৫:৫১

এক দিনেই প্রাণ গেল ১৮ জনের
হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
স্টাফ রিপোর্টার : একদিকে হামের উপসর্গে মৃত্যুর মিছিল অন্যদিকে ডেঙ্গুর ছোবল। দুই রোগের চাপে উদ্বেগজনক পরিস্থিতির মুখে বাংলাদেশ। স্বজন হারানোর শোক আর আক্রান্তদের নিয়ে উৎকণ্ঠার মধ্যে কাটছে বহু পরিবারের দিন। শিশুদের মধ্যে হামের উপসর্গ ছড়িয়ে পড়ার পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনাও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (২৬ অক্টোবর সকাল ৮টা থেকে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) হাম ও ডেঙ্গু মিলিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। একসঙ্গে দুই রোগের এমন প্রাণহানি জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
হামের উপসর্গে সাতজনের মৃত্যু : দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (২৬ অক্টোবর সকাল ৮টা থেকে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) এ উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে এক হাজার ২৯৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তথ্যানুযায়ী, আক্রান্তের উপসর্গ শনাক্ত ও মৃত্যুর ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ধারাবাহিকতা এবং নতুন রোগী শনাক্তের সংখ্যা জনমনে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি ও মৃত্যুর ঘটনা পরিবারগুলোর মধ্যে উৎকণ্ঠা বাড়াচ্ছে।
ডেঙ্গুতেও থামছে না প্রাণহানি
হামের পাশাপাশি ডেঙ্গুও কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। গত ২৪ ঘণ্টায় (২৬ অক্টোবর সকাল ৮টা থেকে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। দুই রোগে এক দিনেই মোট ১৮ জনের মৃত্যু পরিস্থিতি কতটা উদ্বেগজনক, তা বুঝিয়ে দিচ্ছে। ডেঙ্গুতে মৃত্যুর পাশাপাশি নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও অব্যাহত রয়েছে। গত ২৭ অক্টোবর মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন (মঙ্গলবার) ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, খুলনা বিভাগে ২৫০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ১১২ জন, বরিশাল বিভাগের ২১৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন আক্রান্ত হয়েছেন। আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। এদের মধ্যে ১ লাখ ২২ হাজার ৪২২ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৬ হাজার ৪১৫ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৪০০ জন।
দুই রোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি
হাম ও ডেঙ্গু দুই রোগের সংক্রমণ ও প্রাণহানির তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি নিশ্চিত সংক্রমণ এবং ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন। এতে রোগের প্রকৃত পরিস্থিতি মূল্যায়ন সহজ হয়। হামের উপসর্গ দেখা দেওয়া রোগী এবং ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি এই দুটি রোগ যাতে না হয় সরকারের তরফ থেকে সে বিষয়ে সিরিয়াস হওয়া জরুরি।
চলতি মাসের শুরুর দিকে (৭ অক্টোবর) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলছিলেন ‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ, এমনটি মনে করেন না।’ তিনি বলেন, ‘ডেঙ্গুর জন্য যা যা করণীয়, সব ধরনের চেষ্টা করছে সরকার। স্যালাইনসহ সব ধরনের চিকিৎসা চলছে হাসপাতালগুলোয়। প্রটোকল অনুযায়ী যা করণীয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সব করা হচ্ছে। তাই ডেঙ্গু চিকিৎসায় সরকার ব্যর্থ, এটা সঠিক নয়।’ তিনি বলেন, ‘ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোয় প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে।’