জনগণের ভোটে বিজয়ের নিশ্চয়তা নেই
১৫ অক্টোবর ২০২৬ ১১:৪৭
অনির্বাচিত প্রশাসকই ভরসা
॥ জুলফিকার ॥
বাংলাদেশ নামক রাষ্ট্রটি চালানোর জন্য জাতীয় সংসদের নির্বাচন অবশ্যই প্রয়োজনীয়। স্থানীয় সরকারসমূহ দেশের ১৮ কোটি মানুষকে সরাসরি সেবা দিয়ে থাকে। সেজন্য সেই ব্রিটিশ আমল থেকেই নিয়মিত স্থানীয় সরকারসমূহের নির্বাচন হয়ে আসছে। অতীতে কোনো সময় স্থানীয় সরকার নির্বাচন দল ভিত্তিতে হতো না। শেখ হাসিনা ইউনিয়ন পর্যায় পর্যন্ত তার ক্ষমতার শিকড় প্রোথিত করার জন্য ইউনিয়ন পরিষদেও দল ভিত্তিতে এবং দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের ব্যবস্থা করেন। এর ফলে শেখ হাসিনার সময় স্থানীয় সরকার নির্বাচনে শত শত মানুষ নিহত হয়েছেন।
স্থানীয় সরকারের সাধারণত ৩টি স্তর রয়েছে। এগুলো হলো— (১) ইউনিয়ন পরিষদ, (২) উপজেলা পরিষদ এবং (৩) জেলা পরিষদ। উপজেলাকে অতীতে বলা হতো থানা। আর ইউনিয়ন পরিষদকে বলা হতো ইউনিয়ন বোর্ড। জেলা পরিষদকে বলা হতো জেলা বোর্ড। এই ৩টি স্তর ছাড়াও রয়েছে মিউনিসিপ্যালিটি। অতীতে মিউনিসিপ্যালিটিকে বলা হতো পৌরসভা। এখনো পৌরসভাই বলা হয়। তবে আগে পৌরসভার প্রধানকে বলা হতো চেয়ারম্যান। বর্তমানে বলা হয় মেয়র। মেয়র এবং নির্বাচিত সদস্যবৃন্দকে বলা হয় পৌরপরিষদ।
এসব পৌরপরিষদ ছাড়াও বড় বড় শহরের পৌরসভাগুলোকে এখন সিটি করপোরেশন বলা হয়। বাংলাদেশে বর্তমানে ১৩টি সিটি করপোরেশন রয়েছে। এগুলো হলো— ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন ও বগুড়া সিটি করপোরেশন।
এই ১৩টি সিটি করপোরেশনের প্রধান কাজ হলো—
১. পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা
বাসাবাড়ি ও রাস্তার আবর্জনা সংগ্রহ, ময়লা অপসারণ, ডাস্টবিন স্থাপন, পরিচ্ছন্নতা অভিযান এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য স্থানান্তর।
২. রাস্তা, ফুটপাত ও নর্দমা
স্থানীয় সড়ক নির্মাণ ও মেরামত, ফুটপাত রক্ষণাবেক্ষণ, নালা-নর্দমা পরিষ্কার এবং বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা।
৩. জনস্বাস্থ্য ও প্রাথমিক স্বাস্থ্যসেবা
নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা, টিকাদান, মাতৃ ও শিশুসেবা, সংক্রামক রোগপ্রতিরোধ এবং মশক নিয়ন্ত্রণ।
৪. সড়কবাতি ও জননিরাপত্তা
সড়কবাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ, বিপজ্জনক স্থান চিহ্নিত করা এবং জননিরাপত্তা-সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা।
৫. জন্ম ও মৃত্যুনিবন্ধন
জন্ম ও মৃত্যুনিবন্ধন এবং সংশ্লিষ্ট সনদ প্রদানের ব্যবস্থা। বিবাহ নিবন্ধন অবশ্য সাধারণভাবে সিটি করপোরেশনের নিজস্ব দায়িত্ব নয়; তা প্রযোজ্য আইন ও নিবন্ধকের এখতিয়ার অনুযায়ী হয়।
৬. ব্যবসা ও বাণিজ্য-সংক্রান্ত সেবা
ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, নির্ধারিত ফি ও কর আদায় এবং বাজার ও বাণিজ্যিক স্থাপনার ব্যবস্থাপনা।
৭. বাজার, গণশৌচাগার ও গণসুবিধা
নির্ধারিত বাজার পরিচালনা, পাবলিক টয়লেট স্থাপন ও রক্ষণাবেক্ষণ এবং জনসাধারণের ব্যবহার্য কিছু স্থাপনা পরিচালনা।
৮. পার্ক, খেলার মাঠ ও কবরস্থান
করপোরেশনের অধীন পার্ক, খেলার মাঠ, কবরস্থান ও শ্মশানঘাটের রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা।
৯. নগর পরিকল্পনা ও ভবন-সংক্রান্ত নিয়ন্ত্রণ
আইন অনুযায়ী ভবন নির্মাণ ও জনপথ-সংক্রান্ত বিধি প্রয়োগে ভূমিকা, অবৈধ দখল মোকাবিলা এবং নগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। তবে ভবনের নকশা অনুমোদনের দায়িত্ব সব এলাকায় সিটি করপোরেশনের নয়; রাজউক বা অন্য উন্নয়ন কর্তৃপক্ষের এখতিয়ারও থাকতে পারে।
১০. সামাজিক কল্যাণ ও নাগরিক উন্নয়ন
কমিউনিটি সেন্টার পরিচালনা, জনসচেতনতামূলক কার্যক্রম, অসহায় মানুষের জন্য নির্ধারিত সহায়তা এবং স্থানীয় উন্নয়ন প্রকল্প গ্রহণ।
ইউনিয়ন পরিষদ
স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। বর্তমানে বাংলাদেশে ৪ হাজার ৫৮৫টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এসব ইউনিয়ন পরিষদ নিম্নোক্ত সেবা দেয়।
১. সনদ ও নাগরিক তথ্যসেবা, জন্ম ও মৃত্যুনিবন্ধন : নতুন জন্মনিবন্ধন এবং মৃত্যুসনদ ইস্যু বা সংশোধন। নাগরিকত্ব ও চরিত্র সনদ : স্থায়ী বাসিন্দার সনদ এবং চারিত্রিক সনদপত্র। ওয়ারিশান সনদ: মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারীদের জন্য প্রয়োজনীয় ওয়ারিশ সনদপত্র প্রদান। অন্যান্য প্রশাসনিক সনদ: পারিবারিক সনদ, অবিবাহিত সনদ, পুনর্বিবাহ না হওয়া সংক্রান্ত সনদ, বার্ষিক/মাসিক আয়ের সনদ, প্রতিবন্ধী সনদ ইত্যাদি।
২. ব্যবসা ও রাজস্ব-সংক্রান্ত সেবা, ট্রেড লাইসেন্স : ইউনিয়নের সীমানায় ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন। হোল্ডিং ট্যাক্স ও এসেসমেন্ট: বসতবাড়ি ও স্থাপনার হোল্ডিং নম্বর প্রদান এবং পঞ্চবার্ষিকী কর ধার্য ও আদায়।
৩. ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) সেবা
ইউনিয়ন পরিষদে অবস্থিত ডিজিটাল সেন্টারের মাধ্যমে সরকারি ও বেসরকারি নানা অনলাইন ই-সেবা সরাসরি পাওয়া যায় :
ই-সেবা ও ফরম : পাসপোর্ট ও ভিসার অনলাইন আবেদন, ড্রাইভিং লাইসেন্স আবেদন, বিভিন্ন সরকারি ফরম ডাউনলোড।
পাবলিক সার্ভিস বিল ও ব্যাংকিং : বিদ্যুৎ বিল পরিশোধ, এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সেবা।
কম্পিউটার সেবা : অনলাইন আবেদন, কম্পোজ, প্রিন্ট, স্ক্যানিং, লেমিনেটিং ও ছবি তোলা।
৪. বিচারিক সেবা (গ্রাম আদালত)
ইউনিয়ন পরিষদ ক্যাশলেস সেবা সিস্টেম।
বিরোধ নিষ্পত্তি : স্থানীয় পর্যায়ে ছোট-খাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা/ঝামেলা, সীমানা বিরোধ, এবং পারিবারিক সমস্যা গ্রাম আদালতের মাধ্যমে কম খরচে দ্রুত নিষ্পত্তি করা।
৫. সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা
সরকারি ভাতা ও সুবিধা বিতরণ : বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মাতৃত্বকালীন ভাতার তালিকাভুক্তকরণ ও বিতরণ।
ত্রাণ বিতরণ : প্রাকৃতিক দুর্যোগ, মহামারি বা অভাবের সময় ভিজিডি (VGD), ভিজিএফ (VGF), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ইত্যাদি কর্মসূচির মাধ্যমে খাদ্য ও অনুদান বিতরণ।
৬. অবকাঠামো ও উন্নয়নমূলক সেবা
স্থানীয় অবকাঠামো। ইউনিয়নের ভেতরের কাঁচা-পাকা রাস্তা, ব্রিজ, কালভার্ট, কবরস্থান, শ্মশান তৈরি ও মেরামত।
পানি ও স্যানিটেশন : নলকূপ স্থাপন, গভীর টিউবওয়েল সংরক্ষণ, সুপেয় পানির ব্যবস্থা করা এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে উদ্বুদ্ধকরণ।
কৃষি ও পরিবেশ : কৃষি তথ্য ও সার-বীজ সহায়তা বিতরণ, বৃক্ষরোপণ এবং বনায়ন প্রকল্প গ্রহণ।
উপজেলা পরিষদ
উপজেলা পরিষদসমূহ যেসব সেবা দেয়, সেগুলো সংক্ষিপ্তভাবে হলো— ১. গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। ২. কৃষি ও সেচ। ৩. স্বাস্থ্য ও পরিবারকল্যাণ। ৪. শিক্ষা। ৫. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন। ৬. মৎস্য ও প্রাণিসম্পদ। ৭. সমাজকল্যাণ ও নারী-শিশু উন্নয়ন। ৮. যুব উন্নয়ন ও ক্রীড়া। ৯. পরিবেশ ও বন। ১০. হাটবাজার ও স্থানীয় অর্থনীতি। ১১. আইনশৃঙ্খলা বিষয়ে সমন্বয়। ১২. পরিকল্পনা, বাজেট ও উন্নয়ন সমন্বয়।
জেলা পরিষদ
জেলা পরিষদসমূহ নিম্নোক্ত সেবা দেয়— ১. রাস্তা, সেতু ও কালভার্ট। ২. শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা সহায়তা। ৩. ডাকবাংলো, রেস্ট হাউস ও অডিটোরিয়াম। ৪. বাজার, জমি ও সম্পত্তি ব্যবস্থাপনা। ৫. জনস্বাস্থ্য ও পানি-স্যানিটেশন প্রকল্প ৬. সমাজকল্যাণ ও অসহায়দের সহায়তা। ৭. সংস্কৃতি, পাঠাগার ও সামাজিক প্রতিষ্ঠান। ৮. স্থানীয় উন্নয়ন প্রকল্পে অনুদান। ৯. উন্নয়ন পরিকল্পনা ও সমন্বয়। ১০. নিজস্ব সম্পত্তি ও প্রশাসনিক সেবা।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, বাংলাদেশে বর্তমানে ৬১টি জেলা পরিষদ রয়েছে। যদিও পার্বত্য চট্টগ্রামে ৩টি জেলা রয়েছে তদ্বসত্বেও সেখানে আলাদা পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থা রয়েছে। তাই ঐ ৩টি পার্বত্য জেলা নিয়মিত জেলা পরিষদের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। উপজেলা পরিষদের সংখ্যা ৪৯৫।
আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত স্থানীয় সরকারসমূহের সংখ্যা এবং তাদের কার্যক্রম ও সেবার বিস্তারিত বিবরন তুলে দিলাম। এই বিস্তারিত তথ্য এজন্যই দিয়েছি যে, বাংলাদেশের ১৮ কোটি মানুষ এদের সেবা পান। কিন্তু শেখ হাসিনা যেহেতু তার ক্ষমতার দুর্গ রাজধানী ঢাকার পার্লামেন্ট থেকে শুরু করে নিচের ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিস্তৃত করেছিলেন, তাই জুলাই বিপ্লবের পর তিনি ভারতে পালিয়ে গেলে তার সাথে পার্লামেন্টের একটি বিরাট অংশ এবং স্থানীয় সরকার সংস্থাসমূহের একটি বিরাট অংশ প্রধানত ভারতে পালিয়ে যায়। যারা ভারতে পালাতে পারেনি, তারা আত্মগোপনে যায়। এ কারণে জনগণ স্থানীয় সরকার থেকে নিত্যদিন যে সেবা পান, সেই সেবার সিংহভাগ থেকে তারা বঞ্চিত হন।
জনগণের এই দুর্ভোগ বিবেচনা করেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ড. ইউনূস সরকারের আমলে সর্বাগ্রে স্থানীয় সরকারসমূহের নির্বাচন দাবি করেছিল। তারা বারবার দাবি করেছিল যে, দেশের পার্লামেন্ট নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা হোক। কিন্তু বিএনপি এই দাবির প্রবল বিরোধিতা করে এবং তারা জোরের সাথে দাবি উত্থাপন করে যে, স্থানীয় সরকার নির্বাচনের আগে পার্লামেন্ট নির্বাচন দেওয়া হোক। ড. ইউনূস পার্লামেন্ট নির্বাচন আগে অনুষ্ঠানের দাবিতে গররাজি ছিলেন এমন নয়। তবে তখন সারা দেশে এমন একটি জেনারেল পারসেপশন ছিলো যে, আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি দেশের বৃহত্তম দল। এছাড়া দেশে বিদেশে একটি ধারণা ছড়িয়ে দেওয়া হয় যে, পরবর্তী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসছে। এসমস্ত কারণে অন্তর্বর্তী সরকার বিএনপির দাবির কাছে নতি স্বীকার করে এবং গত ফেব্রুয়ারি মাসে পার্লামেন্ট নির্বাচন দেয়।
সেই পর্যায়ে জামায়াতসহ ১১ দল দাবি করে যে, পার্লামেন্ট নির্বাচনের অব্যবহিত পরই স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক। ইলেকশন কমিশনও বিরোধীদলের এই দাবির সারবত্তা অনুধাবন করে। তাই গত সেপ্টেম্বর অথবা চলতি অক্টোবর মাস থেকেই তারা স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি তারা গ্রহণ করে। কিন্তু বিএনপি এতে ঘোরতর আপত্তি জানায়। তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য বলে যে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইসি প্রস্তুত নয়। তারা আরো ওজর-আপত্তি দেখায় যে, স্থানীয় সরকার ইলেকশনে; বিশেষ করে ইউনিয়ন পরিষদ ইলেকশনে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী দরকার। কিন্তু দেশে পুলিশ বাহিনীকে এত বড় নির্বাচনী কর্মযজ্ঞ পরিচালনার উপযোগী করে সাজানো নাকি সম্ভব হয়নি।
বিএনপির এই যুক্তির ধোপে টেকে না। কারণ নির্বাচন কমিশন বিএনপি কথা বলার আগেই সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচনের টেনটেটিভ শিডিউল দিয়েছিলো। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে; বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশকে ব্যাপকভাবে সহায়তা করে আনসার বাহিনী। পুলিশ বাহিনী জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছিলো। তার জন্য তাদের একটি অংশ পালিয়ে গেলে বা আত্মগোপনে গেলেও আনসার বাহিনীতে তেমন একটা বিরূপ প্রতিক্রিয়া হয়নি।
বর্তমান প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন স্থানীয় সরকারমন্ত্রী ছিলেন, তিনিও তখন সেপ্টেম্বর-অক্টোবরেই নির্বাচন দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছিলেন। এখন সেই নির্বাচন আগামী বছর জানুয়ারিতে শুরু হচ্ছে এবং মে মাসের শেষে শেষ হচ্ছে। তারপর হবে উপজেলা, তারপর জেলা পরিষদ এবং তারপর পৌরসভা নির্বাচন। সিটি করপোরেশনসমূহের নির্বাচন কবে হবে, এখনো তা জানানো হয়নি।
আসল কথা হলো, বিএনপি দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে বিএনপির ৮ থেকে ১০ জন প্রার্থী থাকছে। কিন্তু জামায়াতের থাকবে মাত্র ১ জন প্রার্থী। নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই বিএনপি স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে কয়েকশত প্রশাসক নিয়োগ দিয়েছে। তারপরও তারা বিজয় সম্পর্কে নিশ্চিত নয়। আর এ কারণেই জুলাই বিপ্লবের দুই বছর ৩ মাস পর, অর্থাৎ ২৭ মাস পর কেবল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। অন্য স্তরের সংস্থাগুলোর নির্বাচন অনুষ্ঠান করতে পরবর্তী কয় মাস লাগবে, সেটিও বিএনপি এখন সাহস করে বলতে পারছে না।
E-mail : jamshedmehdi15@gmail.com