বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১১
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইর মান্যবর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।
রোববার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ২৯ মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ব্রুনাই এর পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে, বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ব্রুনেইয়ের সম্ভাব্য ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা হয়।
একইসাথে, দু দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও ব্রুনাইয়ের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা হাইকমিশনারকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান। এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।