কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
২৭ আগস্ট ২০২৬ ০৯:৫৫
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রাম উন্নয়ন বোর্ডের সামনে ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নদীভাঙনকবলিত এলাকার শত শত মানুষ। গত ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় কুড়িগ্রাম জেলার উন্নয়ন বোর্ডের সামনে ফুলবাড়ী উপজেলার ৪ নম্বর বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর চর মেখলী ওয়ার্ডের স্থানীয় জনগণের আয়োজনে এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ধরলা নদীর ভাঙনে ইতোমধ্যে তাদের বসতভিটা, আবাদি জমিসহ শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় মসজিদ হুমকির মুখে পড়েছে। প্রতি বছর ভাঙনে নতুন নতুন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে অবশিষ্ট ঘরবাড়ি ও সম্পদও হারিয়ে নিঃস্ব হওয়ার আশঙ্কা রয়েছে তাদের।
‘অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম এর প্রতিনিধি আরজু খাতুন বলেন, চর মেখলী একটি অবহেলিত এলাকা। নদীভাঙন রোধে এখানে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা জরুরি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
কুড়িগ্রাম হাব এর সাধারণ সম্পাদক এম রশিদ আলী বলেন, একই নদীর চার উপজেলায় বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে পড়লেও নদীভাঙনের কবলে পড়া তিন উপজেল স্থায়ী বাদ হলেও উপজেলা কোনো ধরনের কোনো বাঁধ বা ব্যবস্থা নেয়া হয়নি। আমরা চাই দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক।