জাতীয় দৈনিকের সম্পাদকদের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

আমরা বৈষম্যের শিকার হচ্ছি – ডা. শফিকুর রহমান


২৫ আগস্ট ২০২৬ ২২:৩৫

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে বলেছেন, গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করতে হবে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, গণভোটের রায় বাস্তবায়ন, প্রবাসীদের অধিকার আদায়সহ জনস্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে জামায়াতে ইসলামী ভূমিকা পালন করেছে। কিন্তু এসব বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও সরকারি দলের কাছ থেকে আমরা সহযোগিতা পাইনি। বরং আমরা অনেক জায়গায় বৈষম্যের শিকার হয়েছি এবং হচ্ছি।
গত ২৪ আগস্ট সোমবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় এসব বিষয় তুলে ধরেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, দৈনিক মানবকণ্ঠ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, গ্রিন ওয়াচ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দৈনিক কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, দৈনিক খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, আজকের পত্রিকা সম্পাদক কামরুল হাসান, দৈনিক দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক জনতা সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন, দ্য ইভিনিং নিউজ সম্পাদক এ বি এম সেলিম আহমেদ, ডেইলি সানের উপসম্পাদক আল আমিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক সামছুল আরেফিন, সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমদ ভূইয়া প্রমুখ।
অতীতে প্রচলিত ও প্রথাগত বিরোধীদলের যে খারাপ অনুশীলন ছিল; সেই প্রথা ভেঙে দিয়ে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং সকল অন্যায় ও গণবিরোধী কাজের প্রতিরোধ করতে জামায়াত যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা সম্পাদকদের সামনে আমীরে জামায়াত ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তুলে ধরলে জামায়াতের এই পলিসির প্রশংসা করেছেন দেশের শীর্ষ স্থানীয় মিডিয়ার সম্পাদকরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার গত ২৪ আগস্ট সোমবার মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, মতবিনিময় সভায় আমীরে জামায়াত দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দল যে ভূমিকা পালন করছে, তা তুলে ধরেছেন। জাতীয় সমস্যা, জনদুর্ভোগ; বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার সমাধানে জামায়াতের ভূমিকা তুলে ধরেন। সংসদে ও সংসদের বাইরে জামায়াত প্রধান বিরোধীদল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে বলে তিনি উল্লেখ করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি, ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে। এ মতবিনিময় সভায় জামায়াতের পলিসি বা নীতি তুলে ধরা হয়েছে। রাজপথে বিরোধীদল আন্দোলন করলেও দেশ যেন অস্থিতিশীল না হয়, সেই পরামর্শ দিয়েছেন সম্পাদকরা। সরকারের ছয় মাস অতিবাহিত হওয়ার পর এটি সম্পাদকদের সাথে প্রথম মতবিনিময়।
তিনি বলেন, বর্তমান সরকারি দল জাতীয় সংসদে বিরোধীদলের এমপিদের সাথে বৈষম্য করছে। তারা উন্নয়নমূলক কাজে, বরাদ্দে এমনকি সংসদে কথা বলার ক্ষেত্রে, আইন প্রণয়ন করার ক্ষেত্রে, নানা নোটিশ গ্রহণের ক্ষেত্রে বৈষম্য করছে।
জামায়াত বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় কার্যকর করার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ও প্রবাসীদের অধিকার রক্ষায় ভূমিকা পালন করছে। কিন্তু তারপরও স্পিকারের পক্ষ থেকে আমরা ইনসাফপূর্ণ আচরণ পাইনি। বরং বৈষম্যের শিকার হয়েছি। এগুলো আমীর জামায়াত তুলে ধরেছেন।
সম্পাদকদের লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে আমীরে জামায়াত বলেছেন, গণতন্ত্রের উত্তরণে আপনারা দায়িত্বশীলতার সাথে সহযোগিতা করবেন। সংসদের অতীতের বিরোধীদলগুলোর তুলনায় জামায়াত ব্যতিক্রম বলে অভিমত প্রকাশ করেছেন সম্পাদকরা। জামায়াত সংসদকে গঠনমূলক পন্থায় কার্যকর রাখতে চায়। এজন্য সরকারকেও দায়িত্বশীল হতে হবে। শুধু বিরোধীদল এটি করতে পারবে না। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ জাহিদুর রহমান ও দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি ও আতাউর রহমান সরকার প্রমুখ।