শরীফ আবদুল গোফরান

আন্দোলিত কণ্ঠস্বর


২৩ আগস্ট ২০২৬ ১০:৪৩

নিকষ কালো রাতে স্বপ্নের ভেতর খুঁজি
সঙ্গীতের সুরলহরী
আন্দোলিত কণ্ঠস্বর
খুঁজি সাগর ছুঁয়ে আসা স্নিগ্ধ শীতল বাতাস
উন্মুখ চোখ
প্রার্থিত এক মহাপুরুষ।
যার হাতের ইশতেহারের আলোক বিচ্ছুরিত
আলোকিত সমবেত প্রজন্ম।
পায়ের ধুলো যায় সুরমা হয়ে
উঠে আসে আঁখি পল্লবে
যার মৃগনাভি গন্ধসিক্ত হয়ে
অপার সর্গীয় সৌরভে কণ্ঠে বাজে
প্রশংসা স্রষ্টার
অনাগত প্রজন্ম তার প্রতিক্ষায়
দাঁড়িয়ে আছে মহাকালের শূন্যালোকে
লাব্বাইক লাব্বাইক বলে।