আনোয়ার হোছাইন
হংস মাঝে বক
২৩ আগস্ট ২০২৬ ১০:৪১
তোমরা সদা আমায় নিয়ে করো ভীষণ তামাশা,
আমি নাকি আকাশকুসুম স্বপ্ন দেখি হামেশা!
সবাই যখন স্বার্থলোভে নানান কাজে ব্যস্ত,
নিজেকে করি দিনবদলের কল্পনাতে ন্যস্ত!
দুঃখ সবার, কানার দেশে চমশা বেচি আমি!
পরের তরে ঝড়-ঝঞ্ঝার ঘূর্ণিজলে নামি।
হাসি আমি, সবাই কি আর চালাক-চতুর হয়?
লাভের অংক সবার খাতায় মিলে যাবার নয়!
জীবন নদীর প্রবাহ আমার পরের জন্য বয়,
অপরের মুখে সুখাবেশ দেখে মনটা ধন্য হয়।
পরের জন্য নিজেকে সঁপে যে হয় কর্মময়,
অনাবিল সে সুখের সাথে কি তুলনা কখনো হয়?
তাই তো আমি বোকাই হলাম, হংস মাঝে বক,
শিখতে আমি বিফল হলাম লাভালাভের ছক!