দায়িত্বে অবহেলায় এমপি বাচ্চুর পিএস অপসারণ


১ জুলাই ২০২৬ ২০:২০

নড়াইল সংবাদদাতা : দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এমপির ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়েছে। গত ২৮ জুন রোববার বিকেলে এমপি আতাউর রহমান বাচ্চু স্বাক্ষরিত এক পত্রে এ বরখাস্তের আদেশ প্রদান করা হয়।
এর আগে গত দুদিন ধরে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমীর আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের তালিকায় দেয়া নাম নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, এই তালিকাটি করেছেন তার ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরান। আমার পিএস অনুদানের তালিকা প্রদানের বিষয়ে আমাকে জানালে আমি তাকে জানাই, সংসদীয় আসনের সব ইউনিয়ন থেকে নামের তালিকা দিতে। তখন আমার স্বাক্ষরিত প্যাড পিএসের কাছে ছিল। কিন্তু অনুদানের তালিকায় পিএস আমার পরিবার বা এলাকার লোকের নাম বেশি দিয়ে ফেলে। এটা আমি চাইনি।
এদিকে ওই ঘটনায় আতাউর রহমান বাচ্চু এমপিকে গত ২৮ জুন রোববার সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘সম্প্রতি সংঘটিত একটি অনাকাক্সিক্ষত ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের নড়াইল-২ আসনের বিরোধীদলের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।’