ঈদুল আজহায় বায়তুল মোকাররমে পাঁচটি জামাত
২২ মে ২০২৬ ১৫:৪৯
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার (২১ মে) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, মুসল্লিদের সুবিধার জন্য পর্যায়ক্রমে পাঁচটি জামাত আয়োজন করা হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এরপর দ্বিতীয় জামাত ৮টায়, তৃতীয় জামাত ৯টায়, চতুর্থ জামাত ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের উপপরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। আর পঞ্চম ও শেষ জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী।
ইফা আরও জানিয়েছে, নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি ঈদের জামাতে অংশ নিতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।