আমিনুল ইসলাম-এর কবিতা
সোনার বাংলাকে নিয়ে গান
২৩ এপ্রিল ২০২৬ ১৪:০৯
সোনার বাংলায় আছে
সত্যের দিশা
বিবেকের খিল খোলে
কাটে অমানিশা,
মাটি আর মানুষের
কথা বলা পাখি
সোনার বাংলা তাই
অন্তরে রাখি॥
সাহসী কলম ছোটে বাঁক থেকে বাঁকে
পাখিরা যেমন ওড়ে ঝাঁক থেকে ঝাঁকে
সময়ের কথা বলা
দেখে-শুনে পথচলা
দেশ-জাতি সমাজকে
দেয় না তো ফাঁকি-
সোনার বাংলা তাই
অন্তরে রাখি॥
সবকিছু পাওয়া যায় এক প্রিয় ফ্রেমে
সোনার বাংলা টানে ভালোবাসা-প্রেমে
ভালো লাগে ছোটদের
বড়দেরও লাগে ঢের
সত্য-সঠিক কথা
খুলে দেয় আঁখি-
সোনার বাংলা তাই
অন্তরে রাখি॥