ঝিকরগাছায় জামায়াতের নারী নেত্রীদের ওপর হামলার অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন
৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৫১
চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা পৌরসভায় নির্বাচনী প্রচারকালে জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে জামায়াতসহ ১০ দলীয় জোট। গত রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে নারী নেত্রীরা ভোট প্রার্থনা করতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।
হামলায় জামায়াতের নারী কর্মী জোসনা ও কামরুন্নাহার আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় একটি মোবাইল ফোন ভাঙচুর ও একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়।
সংবাদ সম্মেলনে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর নারী নেত্রী মিসেস শিখা খাতুন অভিযোগ করে বলেন, উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল এই হামলায় জড়িত ছিল।