রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে বাড়িতে আগুন, নিহত ৩
১৬ জানুয়ারি ২০২৬ ১২:৩৯
রাজধানীর উত্তরায় একটি ছয়তলা বাড়িতে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ। ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র। সকাল ১০টার দিকে আগুন নেভানো হয়েছে। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ১৩ জন। তাঁদের উদ্ধার করা হয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম আজ সকালে প্রথম আলোকে বলেন, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটে। দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন–৩ এর উপ সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তা তিনতলা পর্যন্ত ছড়িয়ে যায়।
সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টার দিকে পুরোপুরি নিভেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।