ভূঞাপুরে জামায়াতের নির্বাচনী পথসভায় বিএনপির হামলা ভাঙচুর
১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪১
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের-২ (গোপালপুর-ভূঞাপুর) জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবীরের নির্বাচনী পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফলদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জামায়াতের নেতাদের দাবি, প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে পথসভা চলছিল। এ সময় হঠাৎ স্থানীয় কিছু বিএনপির সমর্থক ঘটনাস্থলে মিছিল নিয়ে এসে উসকানিমূলক স্লোগান দিতে থাকে। তারপর পরিস্থিতি উত্তেজিত হলে জামায়াতের নেতাকর্মী সভা শেষ করে চলে যাওয়ার পথে এক পাশে তারা রাস্তা অবরোধ করে রাখে অন্যপথ দিয়ে জামায়াতের নেতাকর্মীরা বের হওয়ার পথে তারা সভার চেয়ার-টেবিল ও মাইক ভাঙচুর করে। এসময় জামায়াতের এক কর্মী আহত হয়েছে বলে জানা যায়।
ভূঞাপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালাচ্ছিলাম। বিএনপির নেতাকর্মীরা আমাদের সভা আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্তকরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।