পিআর পদ্ধতির নির্বাচনেই জনসমর্থন সবচেয়ে বেশি : ডা. শফিকুর রহমান

সোনার বাংলা অনলাইন
৫ নভেম্বর ২০২৫ ১২:৫০

বুধবার (৫ নভেম্বর) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

পিআর পদ্ধতির নির্বাচনেই জনসমর্থন সবচেয়ে বেশি বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গণভোট বিষয়ে পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজনীতি করতে চায় জামায়াতে ইসলামী।’  বুধবার  সিলেটে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। উল্লেখ্য, এ দিকে তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে গিয়েছেন ডা. শফিকুর রহমান।    বুধবার (৫ নভেম্বর) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভোর থেকেই জড়ো হন দলীয় নেতাকর্মীরা। এরপর সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ দিকে তার আগমন উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে মহানগর জামায়াত কার্যালয়ে যৌথ প্রস্তুতি সভা করে জেলা ও মহানগর জামায়াত। এর আগে সৌদি আরবে পবিত্র উমরা পালন শেষে জামায়াত আমির যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর করেন। সেখানে সরকারি ও বেসরকারি পর্যায়ের বৈঠক ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি সিলেট বিমান বন্দরে সাংবাদিকদের   বলেন,আমরা নির্বাচনী সমঝোতা করব। শুধু ইসলামী দল না, দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল যারা আছেন তারা সংযুক্ত হচ্ছেন। আগামীতে আরো অনেক দল এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হবেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।
জামায়াত বলছে সবাইকে নিয়ে নির্বাচন করতে, এখানে সবাই বলতে আওয়ামী লীগসহ কি-না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিজেরাই তো নির্বাচন চায়নি। আপনারা কী তাদের ওপর জোর করে নির্বাচন চাপিয়ে দেবেন? তারা নির্বাচনে বিশ্বাসী, সেটা তারা প্রমাণ করতে পারেনি। যেটা তারা চায় না, এখন সেটা তাদের ওপর চাপিয়ে দিলে জুলুম হবে না? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
পাশাপাশি তিনি প্রবাসীদের স্বার্থ রক্ষা, নতুন ভোটার তালিকা তৈরির সময়সীমা বাড়ানোসহ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও কথা বলেন। পরে সিলেট জেলা-মহানগর জামায়াতের হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ি শোডাউনের মাধ্যমে পুনর্নির্বাচিত আমিরকে বরণ করে নেন।

বুধবার (৫ নভেম্বর) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান