জুলাই সনদ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের জন্য অপরিহার্য : মুহাম্মদ শাহজাহান


৯ অক্টোবর ২০২৫ ১৪:২২

কক্সবাজার সংবাদদাতা : জুলাই সনদ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, জুলাই সনদের স্বীকৃতির মাধ্যমে আমরা আগামীতে একটি শক্তিশালী দেশ গঠন করতে সক্ষম হবো। অন্যথায় আবারো আমাদের পুরনো বন্দোবস্তের নিকট বন্দি থাকতে হবে।
শাহজাহান বলেন, ‘জামায়াত দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, বরং দেশ ও দেশের মানুষের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পাঁচ দফা দাবিতে দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার চুয়ান্ন বছরে দেশের অনেক অগ্রগতি-উন্নতি হয়েছে, কিন্তু এখনো পরিপূর্ণভাবে মানুষের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত হয়নি। বছরের বেশি সময় অতিবাহিত হলেও জুলাই গণআন্দোলন দমনে জড়িত চিহ্নিত অপরাধীদের বিচার সম্পন্ন হয়নি।’ গত শুক্রবার (৩ অক্টোবর) সকালে মহেশখালী উপজেলা উত্তর শাখা আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান আরো বলেন, জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেও সকল দলের জন্য লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। সামাজিক নিরাপত্তা ও মূল্যবোধ প্রতিষ্ঠা লাভ করেনি। আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে এহেন অবস্থার পরিবর্তনে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে সচেষ্ট থাকবো। আমরা এই দেশ ও জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। বাংলাদেশকে সমৃদ্ধ জনপদে পরিণত করতে চাই। তরুণ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধশালী সমাজ উপহার দিতে চাই।
উপজেলা আমীর মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা বশীর আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কক্সবাজার-২ আসন পরিচালক অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেদায়াত উল্লাহ, কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, কক্সবাজার শহর সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, মাওলানা উসমান গনি, হাসান শরীফ রুবেল প্রমুখ।