ভূঞাপুরে যমুনার তীর থেকে ১১টি মর্টার শেল উদ্ধার
২৮ জুন ২০২৫ ০৮:২৯
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীর থেকে ১১টি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গত ১১ জুন বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শাহাদত নামে এক ব্যক্তি যমুনা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে প্রথমে মাটির নিচে মর্টার শেলগুলো দেখতে পান। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলগুলো উদ্ধার করে সেনাক্যাম্পে নিয়ে আসে।
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মামুন তরফদার বলেন, ১৯৭১ সালের ১০ আগস্ট ধলেশ্বরী নদীর মোহনায় সিরাজকান্দী নামক স্থানে পাকবাহিনীর অস্ত্র বোঝাই দুটি জাহাজ এসটি রাজন ও আরএসইউ ইঞ্জিনিয়াস এলসি-৩ মুক্তিবাহিনী দ্বারা আক্রান্ত হয়। তারা জাহাজ দুটি থেকে তৎকালীন ২১ কোটি টাকার অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে নেয়। রাতেই জাহাজ দুটি আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়া হয়। মর্টার শেল গুলো ঐ সময়ের।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের। এগুলোর ভেতরে কোনো বিস্ফোরক নেই। শেলগুলো পরীক্ষার জন্য সেনাক্যাম্পে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানান, ১১টি মর্টার শেল বিস্ফোরণ করা হয়েছে।