গাজায় ইসরাইলি হামলা বন্ধ করে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান গোলাম পরওয়ারের


২০ মার্চ ২০২৫ ১২:৪৭

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ মঙ্গলবার গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ চার শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দিয়েছেন।
গত ১৮ মার্চ মঙ্গলবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ চার শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক ছোট-খাটো হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে। ১৮ মার্চের হামলা যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় ধরনের হামলা। ইসরাইলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরাইলিদের যুদ্ধবাজ জঙ্গি মনোভাবই আবার অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো। তিনি বলেন, পুনরায় যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে গাজায় ইসরাইলিদের এ হামলায় গোটা মুসলিম উম্মাহসহ সারা বিশ্ব গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। গাজায় হামলা বন্ধ করে যুদ্ধবিরতি মেনে চলতে ইসরাইলকে বাধ্য করার জন্য আমরা জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।