ধর্মের টানে সিনেমা ছাড়ছেন মৌ
৭ ডিসেম্বর ২০২৫ ০৮:১৭
চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মৌ খান। শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্টের মাধ্যমে সিদ্ধান্তের কথা জানান তিনি। সেই পোস্টে তিনি বলেন, অভিনয় জগতে আর থাকতে চাই না আমি। ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াচ্ছি। তিনি বলেন, জীবনের বাকি পথ আল্লাহ্র আদেশ অনুযায়ী, নামাজ-কোরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। পাশাপাশি রাসূল (সা.)’র সুন্নাহ্ আঁকড়ে ধরে পথচলার ইচ্ছার কথাও জানান। অসমাপ্ত কাজগুলোর বিষয়ে অনুরোধের সহিত তিনি জানান, নির্মাতারা যেন নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন। তার অংশটুকু তিনি শেষ করে দেবেন বলেও উল্লেখ করেন। তবে, ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। আগামীতে হালাল উপায়ে জীবিকা অর্জনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি লিখেন, ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন। সবার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করে লিখেন, আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহ্র পথে যেন দৃঢ় থাকতে পারি, এজন্য দোয়া করবেন। যদিও পোস্টটি পরবর্তীতে মুছেছেন তিনি। তবে, নিজের এ সিদ্ধান্তে অনড় বলে জানিয়েছেন মৌ খান।